সঙ্কট নিরসনে ইউক্রেইনে বৈঠক
পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী তৎপরতা ঠেকাতে বৈঠকে বসছে ইউক্রেইনের রাজনীতিবিদরাসহ সামাজিক বিভিন্ন গোষ্ঠী।
বুধবারের এ বৈঠকে অংশ নিচ্ছেন বিভিন্ন মন্ত্রী, রাজনৈতিক দলগুলোর নেতারা, ২৫ মে’র প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়ানো প্রার্থীরা, ব্যবসায়িক প্রতিনিধিরা এবং স্থানীয় সরকারের কর্মর্তারা।
স্থানীয় পর্যায়ে বৃহত্তর স্বায়ত্তশাসনের ব্যবস্থা করতে ক্ষমতার বিকেন্দ্রীকরণের উপায় খোঁজাই বৈঠকের লক্ষ্য। যাতে করে পূর্ব ইউক্রেইনে অসন্তোষ কমবে বলে আশা করছে কিয়েভ সরকার।
কিন্তু বিচ্ছিন্নতাবাদীদের বাদ রেখেই কিয়েভ এ আলোচনার উদ্যোগ নেয়ায় সঙ্কট আদৌ নিরসন হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কিয়েভের জন্য খুবই উত্তেজনাপূর্ণ একটি সময়ে এ বৈঠক হচ্ছে। পূর্ব ইউক্রেইন পরিস্থিতি সামাল দিতে কিয়েভ সরকার গত মাসে নিরাপত্তা বাহিনী পাঠানোর পর এ বাহিনীর ওপর বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটেছে মঙ্গলবার।
পূর্বাঞ্চলীয় ক্রামাতোর্স্ক শহরে বিচ্ছিন্নতাবাদীদের চোরাগোপ্তা হামলায় এদিন নিহত হয়েছে ৭ ইউক্রেইনীয় সেনা।
কিয়েভের আপত্তি উপেক্ষা করে পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক এবং লুহানস্কে এরই মধ্যে স্ব-শাসন প্রশ্নে গণভোট হয়ে গেছে এবং বিচ্ছিন্নতাবাদী নেতারা রাশিয়ার সঙ্গে এ দু’অঞ্চলের যোগ দেয়ারও আবেদন জানিয়েছেন। রাশিয়া এখনো এ আবেদনে সাড়া না দিলেও এসবের পেছনে মস্কোর হাত আছে বলেই প্রত্যক্ষ করছে কিয়েভ।
বিচ্ছিন্নতাবাদীদেরকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে কিয়েভ গোলটেবিল বৈঠকে তাদের আমন্ত্রণ জানায়নি। ফলে আন্তর্জাতিক অঙ্গনে বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে। মস্কো বলেছে, কিয়েভ সরকারের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের সরাসরি আলোচনা হওয়া প্রয়োজন।
কিন্তু ইউক্রেইনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ এবং প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক এক যৌথ বিবৃতিতে বলেছেন, “যাদের হাত রক্তে রঞ্জিত নয় এবং যাদের বৈধ রাজনৈতিক লক্ষ্য আছে এমন প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করতে এবং সে অনুযায়ী বৈধ পন্থায় আগাতে প্রস্তুত”।
