২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান ও আইএইএ’র আলোচনার ফল অস্পষ্ট

জাতিসংঘের পরমাণু বিষয়ক সংস্থার সঙ্গে ইরানি প্রতিনিধিদের তিন ঘন্টার বৈঠক শেষ হওয়ার পর কোনো অগ্রগতির খবর জানানো হয়নি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 May 2014, 02:31 PM

Updated : 22 Aug 2022, 06:16 PM

এতে তেহরানের পরমাণু কার্যক্রম নিয়ে দীর্ঘ মেয়াদি চুক্তি হওয়ার বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

সোমবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক পরমাণু সংস্থা (আইএইএ) এর সঙ্গে ইরানি প্রতিনিধিদের বৈঠক হয়।

বৈঠকের পর এক বিবৃতিতে আইএইএ ইঙ্গিত দিয়েছে, পুরো বিষয়টি বাস্তবায়নের আগে ইরানের আরো কিছু কাজ করা প্রয়োজন। এর বাইরে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি।

ছয় বিশ্বশক্তি- যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের তত্ত্বাবধানে আইএইএ’র সঙ্গে পরমাণু বিষয়ে দীর্ঘ মেয়াদি চুক্তিতে যাওয়ার আগে নিজেদের পরমাণু কার্যক্রমের স্বচ্ছতার স্বার্থে সাতটি পদক্ষেপ নেয়ার কথা ইরানের। ১৫ মে’র মধ্যে ওই পদক্ষেপগুলো গ্রহণ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে ইরান।

গেল সপ্তাহে কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছিল, ওই সাতটি পদক্ষেপের মধ্যে একটির বিষয়ে ইরানের কাছ থেকে আরও পরিষ্কার তথ্য চেয়েছিল আইএইএ।

এটি হচ্ছে, সামরিক ও বেসামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে এমন দ্রুত-কার্যকর ডেটোনেটর এর তথ্য, এগুলোর মধ্যে একটি পরমাণু বিস্ফোরক যুক্ত যন্ত্র নিষ্ক্রিয় করার কথাও রয়েছে।

ইরানের সঙ্গে দশক পুরনো এই বিতর্ক নিয়ে একটি কূটনৈতিক সমঝোতার জন্য ছয় বিশ্বশক্তির সঙ্গে ভিয়েনায় নতুন পর্যায়ের আলোচনা শুরু হয়েছে।

বিতর্ক অবসানের লক্ষ্যে নভেম্বরে স্বচ্ছতা ও সহযোগিতার বিষয়ে একটি সম্মতি চুক্তিতে সই করে ইরান ও আইএইএ। ওই চুক্তিতেই স্বচ্ছতার স্বার্থে সাতটি বিষয়ে ইরানের তথ্য দেয়ার কথা ছিল।

এই পদক্ষেপগুলোর বিষয়ে দুপক্ষ পর্যালোচনা করে সম্মতি দেয়ার পর পরবর্তী চুক্তির বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। কিন্তু সাতটি পদক্ষেপের স্বচ্ছতার বিষয়ে আইএইএ’র আপত্তি থেকে গেলে পরবর্তী চুক্তি নিয়ে আলোচনাও ঝুলে পড়বে।

তবে বিবৃতিতে “ইরান বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে এবং এবং এ বিষয়ে কাজ করছে” বলে স্বীকার করেছে আইএইএ।

সোমবারের বৈঠকে পরিষ্কার কোনো ফল না হওয়ায় পশ্চিমা কূটনীতিকরা হতাশ হতে পারেন। তারা পরমাণু বোমা নির্মাণ সংক্রান্ত ইরানের অতীত গবেষণার তথ্য চান, কিন্তু এ ধরনের কোনো কার্যক্রম চালানোর কথা অস্বীকার করেছে ইরান।

ইরান দাবি করেছে, তারা ইতোমধ্যেই সাতটি পদক্ষেপ বাস্তবায়ন করেছে। তবে আইএইএ এখনো তথাকথিত “এক্সপ্লোসিভ ব্রিজ ওয়্যার ডেটোনেটর” সম্পর্কে পরিষ্কার তথ্য চাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

পশ্চিমা শক্তিগুলোর সন্দেহ, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির আড়ালে পারমানবিক অস্ত্র নির্মাণের চেষ্টা করছে ইরান।

কিন্তু ইরান বরাবর দৃঢ়ভাবে পশ্চিমাদের এসব দাবি প্রত্যাখ্যান করে নিজেদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।