দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ
দক্ষিণ সুদানে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেনাবাহিনী ও বিদ্রোহী পক্ষ পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগ করেছে।
বিবিসি’র খবরে বলা হয়, রোববার সকালে বেনতিউ শহরে বিদ্রোহীরা সরকারি সেনাদের ওপর হামলা চালিয়েছে বলে সেনারা অভিযোগ করেছে।
অপরদিকে, ইউনিটি ও আপার নেইল রাজ্যে সেনা বাহিনী স্থলহামলা চালিয়েছে ও কামানের গোলা নিক্ষেপ করেছে বলে বিদ্রোহীরা অভিযোগ করেছে।
তবে কোনো নিরপেক্ষ সূত্রে দুই পক্ষের দাবির সত্যতা যাচাই করা যায়নি।
সদ্য স্বাধীনতা পাওয়া দক্ষিণ সুদানে দীর্ঘ পাঁচ মাস ধরে চলা সংঘর্ষের পর গত শুক্রবার ইথিওপিয়ায় বিবাদমান দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
বিদ্রোহীদের মুখপাত্র লুল রুই কুয়াং এক বিবৃতিতে বলেন, “চুক্তি ভঙ্গের ফলে মনে হচ্ছে সেনাবাহিনীর ওপর প্রেসিডেন্ট কিরের নিয়ন্ত্র্রণ নেই; অথবা তিনি চুক্তি সম্পর্কে সচেতন নন।”
একইভাবে সেনাবাহিনীর মুখপাত্র ফিলিপ অ্যাগুয়ের বলেন, বেনতুইতে বিদ্রোহীদের একটি আক্রমণ প্রতিহত করেছে সেনারা।
গত জানুয়ারিতেও দক্ষিণ সুদানের দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছিল যা ভঙ্গ হওয়ার পর দেশটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়ায়। গত পাঁচ মাসের লড়াইয়ে উভয় পক্ষ গণহত্যা ও দলগত ধর্ষণের মতো মানবতা বিরোধী অপরাধ করেছে বলে জাতিসংঘ প্রমাণ পেয়েছে।
