পূর্ব ইউক্রেইনে গণভোট, বিভক্তির আশঙ্কা বাড়ছে
গোলযোগপূর্ণ পূর্ব ইউক্রেইনে গণভোটে আরো ঘনীভূত হতে পারে রাজনৈতিক সঙ্কট। এ ভোটের ফলে ইউক্রেইনে বিভক্তির পাশাপাশি ভোটের গ্রহণযোগ্যতা ও ফল নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার বিরোধ আরো তীব্র হওয়ার আশঙ্কা বাড়ছে।
ভোটারদেরকে যে প্রশ্নের উত্তরে হ্যাঁ/না রায় দিতে হবে তা অস্পষ্ট হওয়ায় একেকজন একেক ধারণা নিয়ে ভোট দেয়ার কারণে বিভক্তি সৃষ্টির আশঙ্কা বাড়ছে।
কেউ স্বায়ত্ত্বশাসন, কেউবা স্বাধীনতা আবার কেউ ভোট দিচ্ছেন রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার মানসে। পূর্ব ইউক্রেইনের জনগণের পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী নেতাদের মধ্যেও মতবিভেদ রয়েছে, যা ভোটের পর জটিলতা সৃষ্টি করতে পারে।
বিচ্ছিন্নতাবাদীদের অনেকেই আঞ্চলিক বিচ্ছেদের পক্ষপাতি। বিচ্ছিন্নতাবাদী এক নেতা এরই মধ্যে বলেছেন, গণভোটের পর এ অঞ্চলে নিজস্ব রাষ্ট্র এবং সেনাবাহিনী গঠন করা হবে। এতে করে আনুষ্ঠানিকভাবে বিচ্ছিন্ন হবে এ অঞ্চলটি, যার সূচনা গত মাসে রুশপন্থিরা করেছিল বিভিন্ন সরকারি ভবন দখলের মধ্য দিয়ে।
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দুটি এলাকায় স্ব-শাসন প্রশ্নে গণভোট করছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা। ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত হলে একে একমাত্র স্বীকৃতি দিতে পারে রাশিয়া। কিন্তু ইউক্রেইনের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন এতে মারাত্মকভাবে ক্ষুন্ন হবে। যে নির্বাচনকে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেইনের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসাবেই দেখে আসছে।
এ গণভোট ইউক্রেইনে পুরোদস্তুর গৃহযুদ্ধের সূচনা করতে পারে আশঙ্কায় যুক্তরাষ্ট্র এরই মধ্যে এ ভোটকে ‘অবৈধ’ বলে নিন্দা-সমালোচনা করেছে। ইউক্রেইনের আইনানুযায়ী “এ গণভোট অবৈধ এবং দেশে আরো বিভক্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা” বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি।
লড়াইবিক্ষুব্ধ পরিবেশের মধ্যেই হচ্ছে গণভোট। তাছাড়া, এমন দু’টি প্রদেশে ভোট হচ্ছে যেখানে অধিকংশ এলাকাই রয়েছে বিচ্ছিন্নতাবাদীদের দখলে।
অস্থায়ী কোনো কোনো ভোটকেন্দ্রে উৎসবের আমেজের এক ভিন্ন চিত্র দেখা গেলেও অন্যান্য জায়গায় ব্যালট পেপার এবং টিভি টাওয়ারের দখল নিয়ে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে অস্ত্রের ঝনঝনানি চলছে।
সংবাদদাতারা ভোটকেন্দ্রগুলোতে বিশৃঙ্খল পরিস্থিতির খবর জানিয়েছেন।ভোট শুরুর কিছুক্ষণ আগে স্লাভিয়ানস্ক শহরে একটি টেলিভিশন ভবনের বাইরে কিছুসময়ের জন্য সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
অন্যদিকে, মরিউপল শহরের পূর্ব উপকণ্ঠে ভোট শুরুর এক ঘণ্টা পরই কিয়েভের সেনারা ‘ভুয়া’ ব্যালট পেপারের অভিযোগে ‘হাঁ’ ভোট দেয়া কিছু ব্যালটসহ দুইজনকে আটক করে।
কিয়েভ প্রশাসনের পক্ষ থেকে গণভোটকে বলা হচ্ছে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’। ‘মানুষের রক্তে রঞ্জিত’ ব্যাটল পেপারে ভোটগ্রহণ হচ্ছে দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ওই অঞ্চলের দুই তৃতীয়াংশ মানুষ নির্বাচনে অংশ নিচ্ছে না।
রোববারের গণভোটে লুহানস্ক ও ডোনেস্ক অঞ্চলে অনেক অসঙ্গতিও লক্ষ্য করা গেছে। কোনো রকম ‘নিরাপত্তা চিহ্ন’ (সিরিয়াল নম্বর) ছাড়াই ব্যালট পেপার ছাপানো হয়েছে। অনেক এলাকায় ভোটকেন্দ্রেও ছিল সীমাবদ্ধ। ভোটার তালিকাও এলোমেলো।
ভোটে অস্পষ্টতার আলামত পাওয়া গেছে ভোটারদের উক্তিতে। রোববার ভোট দেয়ার পর এক ভোটার বলেন, ইউক্রেইনে থেকেই স্বায়ত্ত্বশাসনের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন তিনি।
তার উক্তি, “আমি ডোনেস্ক –কে নিজস্ব ক্ষমতার মধ্যে দেখতে চাই, যা হবে এক ধরনের স্বায়ত্ত্বশাসন। আমি অখণ্ড ইউক্রেইনের বিরোধী নই। তবে যারা ক্ষমতা দখল করেছে, যারা আমাদের অপছন্দের, তাদের অধীনেও থাকতে চাই না।”
অনেকে এ গণভোটকে পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের পদক্ষেপ হিসাবে বিবেচনা করে ভোট দিয়েছেন। আবার কেউ কেউ একে রাশিয়ার সঙ্গে যোগ দেয়ার পদক্ষেপ বলেও মনে করছেন।
ঘোর রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়ার সঙ্গেই যোগ দেয়ার পক্ষপাতি। কিন্তু ভোটে অস্পষ্টতার কারণে তারাও পরবর্তীতে বিপাকে পড়ার আশঙ্কা আছে।
ভোট শেষ হওয়ার কথা রয়েছে রাত ১০টায়। সোমবার বিকাল নাগাদ ভোট গণনা শেষ হবে।
গণভোটের ফল কিয়েভ কিংবা পশ্চিমা বিশ্বের কাছে গ্রহণযোগ্য না হলেও যে কোনোভাবেই হোক ভোটের ফল ‘হ্যাঁ’ হওয়ার সম্ভাবনাই বেশি। আর এরপর বিচ্ছিন্নতাবাদীরা নিজস্ব রাষ্ট্র গড়ার প্রক্রিয়া শুরু করতে কালক্ষেপণ করবে না মোটেও।
ভোটের ফল আসার পর ডোনেস্ক গণপ্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে হাত মেলাতে শুরু করবে। শুরু হয়ে যাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ার প্রুক্রিয়া। কিন্তু এমন অনেক বিচ্ছিন্নতাবাদী নেতাও আছেন যারা ভোটের ফল ‘হ্যাঁ’ হওয়া মানেই অপরিহার্যভাবে রাশিয়ার সঙ্গে যোগ দেয়া বলে মনে করেন না।
তাছাড়া, গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টার পরিচালিত এক জরিপে দেখা গেছে, পূর্ব ইউক্রেইনীয়দের ৭০ শতাংশই দেশের অখণ্ডতার পক্ষপাতি। আর মাত্র ১৮ শতাংশ বিচ্ছিন্নতার পক্ষে।
