২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ সুদানে বিবদমান পক্ষ দুটির মধ্যে শান্তিচুক্তি

দেশটির প্রেসিডেন্ট ও সাবেক ভাইস প্রেসিডেন্টের অনুসারীদের মধ্যে পাঁচমাসের এ সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2014, 12:56 PM

Updated : 22 Aug 2022, 06:15 PM

পাঁচ মাস সংঘাত চলার পর বিশ্বের নবীনতম দেশ দক্ষিণ সুদানের বিবদমান দুপক্ষের নেতা প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহী নেতা রিক মাখার একটি শান্তি চুক্তিতে সই করেছেন।

শুক্রবার রাতে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় এক মুখোমুখি বৈঠকের পর চুক্তিটিতে দুই বৈরি নেতা সই করেন বলে বিবিসি জানিয়েছে।

প্রায় গৃহযুদ্ধের পর্যায়ে চলে যাওয়া দেশব্যাপী ওই সংঘাত শুরু হওয়ার পর দুনেতার এটিই প্রথম মুখোমুখি বৈঠক।

চুক্তিতে দুপক্ষের মধ্যে আশু যুদ্ধবিরতি এবং নতুন সংবিধান প্রণয়ণ করে নতুন নির্বাচনের আগে একটি অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়ে সমঝোতা হয়।

দেশটির প্রেসিডেন্ট ও সাবেক ভাইস প্রেসিডেন্টের অনুসারীদের মধ্যে পাঁচমাসের এ সংঘাতে কয়েক হাজার মানুষ নিহত ও ১০ লাখেরও বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

চুক্তি সইয়ের পর দুপক্ষের মধ্যে মুখোমুখি বৈঠকের আয়োজনে মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, “এই চুক্তি দক্ষিণ সুদানের ভবিষ্যতের জন্য যুগান্তকারী হয়ে উঠতে পারে।”

“এখন দীর্ঘ পথে একটি কঠিন যাত্রা শুরু হল এবং এই যাত্রা অব্যাহত রাখতে হবে,” বলেন তিনি।

সংঘাত চলাকালে গণহত্যা ও দলগত ধর্ষণের মতো মানবতাবিরোধী অপরাধের জন্য দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীপক্ষ উভয়কেই দায়ী করেছে জাতিসংঘ।

চুক্তি সইয়ের পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে সহিংসতা বন্ধ করার ও এর মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।