স্কুলছাত্রী অপহরণ: ‘জেনেও নির্লিপ্ত ছিল নাইজেরীয় সেনাবাহিনী’
নাইজেরিয়ার বালিকা বিদ্যালয়ে বোকো হারাম জঙ্গি হানার খবর আগে থেকে জেনেও অপহরণ ঠেকাতে তৎপর হয়নি সেনা ও আইনশৃঙ্খলা বাহিনী।
আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল শুক্রবার বিবিসি’র কাছে এ তথ্য প্রকাশ করেছে।
সংগঠনটির দাবি, স্কুলে হামলার কমপক্ষে চার ঘণ্টা আগে বিষয়টি সেনাবাহিনীকে জানানো হয়েছিল বলে নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন।
গত ১৪ এপ্রিল জঙ্গি হামলার পর পালিয়ে আসতে পেরেছিল মাত্র ৫৩ জন স্কুলছাত্রী। বাকি অন্তত ২০০ ছাত্রীকে নিয়ে যায় জঙ্গিরা।
তবে অ্যামনেস্টির প্রতিবেদনের সত্যতা সম্পর্কে সন্দিহান নাইজেরীয় কর্তৃপক্ষ।
দেশটির তথ্যমন্ত্রী লেবারান মাকু বলেন, “সরকার যদি আগ থেকেই জানত তবে অবশ্যই সেখানে হস্তক্ষেপ করত।”
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার এ প্রতিবেদনটি এখন যাচাই-বাছাই করে দেখছে নাইজেরিয়া সরকার।
চরম দায়িত্বহীনতা
বর্নো রাজ্যের রাজধানী মাইদুগরির একাধিক বাসিন্দা অ্যামনেস্টিকে জানান, সন্ধ্যা ৭টার দিকে জঙ্গি হামলার আতঙ্ক সৃষ্টির সঙ্গে সঙ্গেই তা স্থানীয় সেনা কর্তৃপক্ষকে জানানো হয়।
মধ্যরাতের দিকে বোকো হারাম জঙ্গিরা হামলা চালালেও এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলের খোঁজ নেননি।
ভারী অস্ত্রে সজ্জিত জঙ্গিদের সঙ্গে মুখোমুখি যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কায় তারা প্রতিকার নেয়নি বলে ধারণা অ্যামনেস্টির।
সংস্থার আফ্রিকা অঞ্চলের পরিচালক নাতসেনাত বেলাই বলেন, বোকো হারাম জঙ্গিরা নাইজেরিয়ায় মেয়েদের স্কুলে যাওয়ার ঘোর বিরোধী। উঠতি বয়সের মেয়েদেরকে স্কুলে পাঠানোর পরিবর্তে বিয়ে দেয়ার পক্ষপাতি তারা।
গত মাসে অপহৃত দুই শতাধিক স্কুলছাত্রীকে পাশের দেশ ক্যামেরুনের গভীর জঙ্গলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বোকো হারাম জঙ্গিরা মেয়েদেরকে বিক্রি করে দেয়ার হুমকি দিয়েছে। অপহৃত ছাত্রীদের উদ্ধারে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে আলোচক, মধ্যস্থতাকারী ও সেনা সদস্যদের সমন্বয়ে উদ্ধারকারী দল নাইজেরিয়ায় পৌঁছেছে।
২০০৯ সালে নাইজেরিয়ায় প্রথম বোকো হারাম জঙ্গিদের তৎপরতা চোখে পড়ে। কেবল চলতি মাসেই সরকার ও জঙ্গিদের সংঘর্ষে ১২শ’র বেশি মানুষ নিহত হয়েছে বলে জানা গেছে।
