সিউলে ডুবে যাওয়া ফেরি যাত্রীদের স্বজনদের বিক্ষোভ
দক্ষিণ কোরিয়ায় গত মাসে ডুবে যাওয়া ফেরির হতভাগ্য যাত্রীদের স্বজনরা রাজধানী সিউলে প্রেসিডেন্টের কার্যালয় ব্লু হাউজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছে।
প্রেসিডেন্ট পার্ক জিয়ুন-হাইয়ের সঙ্গে সাক্ষাৎ করার দাবিতে তারা পুলিশের বাধা ডিঙিয়ে কার্যলয়ে প্রবেশের চেষ্টা চালায়। কিন্তু বিক্ষোভকারীরা কার্যালয়ে ঢোকার আগেই পুলিশ তাদের ঘিরে ফেলে।
বিক্ষোভে সমবেতদের বেশিরভাগই ফেরিডুবিতে নিহত ৩শ’রও বেশি স্কুলশিক্ষার্থীর অভিভাবক।
বিক্ষোভ ঠেকাতে কার্যালয়ের সামনে মোতায়েন ছিল শ’শ’ পুলিশ। প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করার দাবি ছাড়াও ফেরি দুর্ঘটনার জন্য দায়ীদের শাস্তির দাবিতে বিক্ষোভ করে স্বজনরা। তাছাড়া প্রাথমিক উদ্ধারকাজে দেরীরও প্রতিবাদ জানায় তারা।
গত ১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে প্রায় পাঁচশ’ যাত্রী নিয়ে ডুবে যায় সাত হাজার টন ধারণ ক্ষমতার ফেরি সেউল। ফেরির যাত্রীদের অধিকাংশই ছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী।
এ ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত বা নিখোঁজ হন। তাদের মধ্যে ১৮৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধান না মিললেও তাদের কেউ বেঁচে নেই বলেই ধারণা করা হচ্ছে।
ফেরি ডুবির ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়ে ‘বিপর্যয়’ ঠেকাতে না পারার জন্য বিরোধী দল ও সংক্ষুব্ধদের সমালোচনার মুখে পড়ে দক্ষিণ কোরিয়ার সরকার।
প্রাণহানির ঘটনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করেন দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী চাং হু-অন। প্রেসিডেন্ট পার্ক জিয়ুন-হাইও এ বিপর্যয়ের জন্য এরই মধ্যে ক্ষমা চেয়েছেন এবং প্রাথমিক উদ্ধার তৎপরতায় ঘাটতি ছিল বলে স্বীকার করেছেন।
