২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিমিয়া সফরে পুতিন

সোভিয়েত ইউনিয়নের বিজয় দিবস উদযাপন উপলক্ষে ক্রিমিয়া সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2014, 06:17 PM

Updated : 13 Oct 2022, 12:04 PM

এক গণভোটের মধ্য দিয়ে ক্রিমিয়া ইউক্রেইন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার অন্তর্ভূক্ত হওয়ার পর ওই অঞ্চলে এটিই পুতিনের প্রথম সফর।

বিবিসি’র খবরে বলা হয়, শুক্রবার বিজয় দিবস উপলক্ষে রাশিয়ায় সেনাবাহিনীর প্যারেড পরিদর্শন করেন পুতিন।

তিনি এদিন ক্রিমিয়া যেতে পারেন বলে জানিয়েছিল স্থানীয় গণমাধ্যমগুলো। ক্রিমিয়ার সেভাস্তপোল বন্দরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন পুতিন।

তার ক্রিমিয়া সফরের আভাস পেয়ে আগেই এর সমালোচনা করেন জর্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল। তিনি বলেন, পুতিন বিজয় দিবসকে ক্রিমিয়া সফরের উপলক্ষ হিসেবে বেছে নিলে তা হবে খুবই লজ্জাজনক।

পুতিনের এ সফরের সমালোচনা করেছে কিয়েভের অন্তর্বর্তী সরকারও। তার ক্রিমিয়া সফর ইউক্রেইনের সার্বভৌমত্বের চরম লংঘন বলে মন্তব্য করেন কিয়েভের নেতারা।

পুতিনের এ সফর চলার মাঝেই পূর্ব ইউক্রেইনের মারিউপল শহরে বিচ্ছিন্নতাবাদী ও কিয়েভ সেনাদের সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে।

পূর্বাঞ্চলীয় কয়েকটি শহরে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে থাকা সরকারি ভবনগুলো উদ্ধারে অভিযান শুরু করেছে ইউক্রেইন সেনাবাহিনী।