নাইজেরিয়ার জঙ্গিদের রুখে দাঁড়ানোর আহ্বান মালালার
নাইজেরিয়ায় মুসলিম জঙ্গিদের হাতে দুই শতাধিক স্কুলছাত্রী অপহৃত হওয়ার ঘটনায় বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি কিশোরী মালালা ইউসুফজাই; যিনি নিজে তালেবান জঙ্গিদের হামলা থেকে বেঁচেছিলেন।
মালালা বিবিসি’কে বলেন, “এত বড় ঘটনার পরও যদি আমরা চুপ করে বসে থাকি তবে অপহরণ আরো বাড়বে। এভাবে একের পর এক অপহরণ চলতে থাকবে।”
নাইজেরিয়ায় গত মাসে দুই শতাধিক স্কুলছাত্রীকে অপহরণ করার পর গত রোববার নতুন করে আরো ১১ মেয়েকে অপহরণ করে ইসলামপন্থি জঙ্গিগোষ্ঠী বোকো হারাম।
মেয়েরা স্কুলে যাওয়ার কারণেই ‘পশ্চিমা শিক্ষা বিরোধী’ জঙ্গিরা তাদের অপহরণ করেছে। অপহৃতদের বাজারে তুলে বিক্রি করা হবে বলেও এক বোকো হারাম নেতা সম্প্রতি ভিডিও বার্তায় হুমকি দিয়েছেন।
প্রায় দুই বছর আগে নারী শিক্ষার পক্ষে প্রচার চালানোর অপরাধে পাকিস্তানের সোয়াত অঞ্চলের কিশোরী মালালাকে গুলি চালিয়ে হত্যার অপচেষ্টা চালিয়েছিল দেশটির তালেবান জঙ্গিরা। মাথায়
গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও ব্রিটেনে কয়েকটি জটিল অস্ত্রপচারের পর সুস্থ হয়ে ওঠেন মালালা। এখন তিনি নারী শিক্ষার প্রসারে বিশ্বব্যাপী কাজ করছেন এবং নারী অধিকার নিয়ে জনসচেতনতা বাড়ানোর চেষ্টা চালাচ্ছেন।
বোকো হারাম জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন আফ্রিকার নাগরিক ও জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানও। ছাত্রীরা অপহৃত হওয়ার পর তড়িৎ ব্যবস্থা না নেয়ার জন্য নাইজেরিয়া সরকার এবং আফ্রিকার অন্যান্য দেশের সরকার প্রধানদের সমালোচনা করেন আনান।
