২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদের গণভোট পেছানোর আহ্বান পুতিনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদীদেরকে স্বাধীনতার প্রশ্নে গণভোট পিছানোর আহ্বান জানিয়েছেন। ইউক্রেইন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহার করা হয়েছে বলেও জানান তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 08:46 PM

Updated : 22 Aug 2022, 06:13 PM

একইসঙ্গে উক্রেইনে ২৫ মে’র প্রেসিডেন্ট নির্বাচনকে ‘সঠিক পথে সঠিক পদক্ষেপ’ বলে সমর্থন করেছেন পুতিন। তবে সব নাগরিকের অধিকার রক্ষারও দাবি জানিয়েছেন তিনি।

পুতিন বলেন, সব নাগরিকের অধিকার রক্ষা না হওয়া পর্যন্ত ২৫ মে’র নির্বাচন থেকে কোনো সিদ্ধান্ত বেরিয়ে আসবে না।

ইউক্রেইনের দক্ষিণ-পূর্বাঞ্চলের রুশপন্থিদেরকে আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা রাশিয়া ফেডারেশনের সমর্থকদেরকে ১১ মে’র পরিকল্পিত গণভোট পিছানোর আহ্বান জানাচ্ছি।”

এতে করে কিয়েভে ইউক্রেইন কর্তৃপক্ষ এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে (যাদের কেউ কেউ বৃহত্তর স্বায়ত্ত্বশাসন এবং কেউ বিচ্ছিন্নতার পক্ষপাতি) সংলাপ অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হবে বলে মন্তব্য করেন পুতিন।

তার আহ্বানে সাড়া দিয়ে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা বলেছে, পুতিনের প্রতি তাদের সর্বাত্মক শ্রদ্ধা রয়েছে এবং আগামী রোববারের গণভোট পেছানো যায় কিনা তা তারা বৃহস্পতিবার ভেবে দেখবে।

ইউক্রেইন সীমান্তে রুশ সেনা মোতায়েন নিয়ে সৃষ্ট উদ্বেগের ব্যাপারে পুতিন বলেন, “সীমান্তে সেনাবাহিনী মোতায়েন নিয়ে উদ্বেগের কথা আমাদেরকে সবসময়ই বলা হয়েছে। আমরা সেনা প্রত্যাহার করে নিয়েছি। আজ তারা আর ইউক্রেইন সীমান্তে নেই। তারা এখন তাদের নিয়মিত প্রশিক্ষণ কেন্দ্রে রয়েছে”।
ইউক্রেইন সঙ্কট নিয়ে রাশিয়ার সঙ্গে কিয়েভ ও এর পশ্চিমা মিত্রদেশগুলোর মধ্যে চরম উত্তেজনার মধ্যে পুতিন এ অবস্থান জানান দিলেন।

রাশিয়া ইউক্রেইনকে বিভক্ত করার চেষ্টায় ক্রিমিয়া উপদ্বীপ নিজ ভূখন্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করে নেয়ার পর আরো অঞ্চল নিজের করে নেয়ার চেষ্টায় আছে এবং পূর্ব ইউক্রেইনের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদেরকে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করে আসছে কিয়েভ ও পশ্চিমা দেশগুলো।

তবে মস্কে বলছে, তারা অগণতান্ত্রিক কিয়েভ সরকারের বিরুদ্ধে পূর্ব ও দক্ষিণ ইউক্রেইনে প্রধানত রুশ-ভাষাভাষী মানুষদের অধিকার রক্ষায় কাজ করেই যাবে।