২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্নো সাইট বন্ধে ক্ষতি বেশি?

ইন্টারনেটে পর্নোগ্রাফির সব সাইট বন্ধ করা সম্ভব নয় এবং তা করতে গেলে বড় ধরনের ক্ষতি হতে পারে বলে ভারতের সুপ্রিম কোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের এক কৌঁসুলি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2014, 12:33 AM

Updated : 25 Apr 2022, 04:09 PM

সোমবার আদালতে পর্নো সাইট বন্ধের একটি আবেদনের শুনানিকালে অতিরিক্ত সলিসিটর জেনারেল কেভি বিশ্বনাথান বলেন, “সব পর্নো সাইট বন্ধ করতে গেলে বিপত্তি বাড়বে। সবকিছুই বন্ধ হয়ে যাবে। মানুষ পর্নো বিষয়ক কোনো ভাল এবং গুরুত্বপূর্ণ লেখনীও আর পাবে না। এতে করে ক্ষতি আরো বেশি হবে”।

বরং তিনি যুক্তি দেখিয়ে বলেন, ইন্টারনেটে ঢালাওভাবে সব পর্নো সাইট বন্ধ না করে বরং এ ধরনের সাইট বন্ধের উপযোগী সফটওয়্যার প্রতিটি কম্পিউটারে জুড়ে দেয়া যেতে পারে।

ভারতের প্রতিটি কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানকে এ ধরনের সফটওয়্যার সংযুক্ত করার নির্দেশ দেয়ারও পরামর্শ দেন তিনি।

পর্নো সাইটের বিরুদ্ধে আবেদনকারী আইনজীবী বিজয় পঞ্চবনি বলেন, ইন্টারনেট নিয়ে তেমন কোনো আইন না থাকায় মানুষজন পর্ণো ভিডিওর দিকে বেশি ঝুঁকছে। ইন্টারনেট জগতে ২০ কোটিরও বেশি পর্নো ভিডিও ছড়িয়ে আছে। এগুলো অবাধেই ডাউনলোড করা যাচ্ছে।

আবেদনে আরো বলা হয়, শিশুরা এখন যেসব যৌনতা সম্পর্কিত ভিডিও দেখতে পাচ্ছে তা অনেক বেশি খোলামেলা, অদ্ভুত এবং ধ্বংসাত্মক। এতে পুরো সমাজ ব্যবস্থা ঝুঁকিতে পড়ছে। বেশিরভাগ ক্ষেত্রেই পর্ণোগ্রাফির নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে সমাজের নারী, শিশু ও স্কুলগামী ছাত্রীরা।