ইয়েমেনে দুই ফরাসি কূটনীতিক নিহত
ইয়েমেনের রাজধানী সানায় আল-কায়েদা হামলায় দুই ফরাসি কূটনীতিক নিহত এবং একজন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ফরাসি দূতাবাসের এক কর্মকর্তা বলেন, ফরাসি দূতাবাসের কাছেই হামলাকারীরা সোমবার ওই দুই কূটনীতিককে লক্ষ্য করে হামলা চালায়।
ফরাসি কূটনীতিকরা সানায় ইউরোপীয় মিশনে কাজ করছিলেন। হামলায় আহত অপরজন দূতাবাসেরই এক ফরাসি নিরাপত্তা কর্মকর্তা। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা।
সানায় এক সপ্তাহের মধ্যে বিদেশি কূটনীতিকদের ওপর এটি দ্বিতীয় হামলার ঘটনা। গত সপ্তাহে সানায় আল কায়েদা বন্দুকধারীরা এক জার্মান কূটনীতিককে অপহরণ করতে গিয়ে বাধার মুখে তাকে গুলি করে আহত করে।
গত দু’মাসে সানায় দুই ব্রিটিশ ও এক জার্মান মিলে অন্তত ৬ বিদেশি নাগরিক অপহৃত হয়েছে।
আরব উপদ্বীপে ইয়েমেনের আল কায়েদা শাখা একিউএপি গত বছরের জুলাই থেকে এক ইরানি কূটনীতিক এবং ২০১২ সালের মে থেকে এক সৌদি কূটনীতিককে আটকে রেখেছে।
