২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভিয়ানস্কে ‘পিছু হটছে’ রুশপন্থিরা

স্লোভিয়ানস্ক শহরের উপকণ্ঠে ইউক্রেইন সেনাদের হামলার মুখে পিছু হটছে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা।কয়েকটি প্রতিবেদনে একথা বলা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2014, 05:31 PM

Updated : 25 Apr 2022, 04:08 PM

রাশিয়ার ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা বলেছে, সরকারি বাহিনী শহরের উপকণ্ঠে একটি টিভি টাওয়ার দখল করেছে। বিচ্ছিন্নতাবাদীরা শহরের ভেতর দিকে পালাচ্ছে। চলছে লড়াই। শোনা যাচ্ছে গোলাগুলির শব্দ।

লড়াইয়ে বেশকিছু ইউক্রেইন সেনা হতাহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। চোরাগোপ্তা হামলায় আহত হয়েছে অন্তত ৮ সেনা।

রয়টার্স জানিয়েছে, ঘটনাস্থলের কাছে ৪ টি এম্বুলেন্স, অন্তত দুটি সাঁজোয়া যান দেখা গেছে এবং কয়েকজন বিচ্ছিন্নতাবাদীকে পালাতে দেখা গেছে।

রুশপন্থিদের ঘাঁটিগুলোতে ইউক্রেইন বাহিনীর অভিযান শুরু আশঙ্কা বেড়েছে রোববার রাত থেকেই। ইউক্রেইনের সেনাবাহিনী শহরটিতে যাওয়ার প্রধান সড়ক বিচ্ছিন্ন করে রোববারই।

রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা স্লোভিয়ানস্কের উপকণ্ঠে ইউক্রেইন বাহিনীর দুটো হেলিকপ্টার ভূপাতিত করার পর এলাকাটিতে অভিযান জোরদার হয়েছে।

ওদিকে, দক্ষিণাঞ্চলীয় ওডেসা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী নতুন একটি বিশেষ বাহিনী মোতয়েনের উদ্যোগ নিয়েছেন। বেসামরিক কর্মীদের নিয়ে গঠিত হয়েছে এ নতুন ওডেসা বাহিনী।

ওডেসায় সহিংসতায় ৪২ জন নিহতের দু’দিনের মাথায় পুলিশ সদরদপ্তরে হামলা করে রুশপন্থি আন্দোলনকারীরা।

ওডেসায় সহিংসতা ঠেকাতে ব্যর্থতার জন্য আঞ্চলিক পুলিশ প্রধানকে এরই মধ্যে অপসারণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক। সহিংসতা উস্কে দেয়ার পেছনে রাশিয়ার হাত রয়েছে বলে মন্তব্য করেন তিনি।