২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মালয়েশীয় বিমান অনুসন্ধান বন্ধ হবে না’

নিখোঁজ মালয়েশীয় বিমানের খোঁজে চালানো তল্লাশি অভিযান বন্ধ করা হবে না বলে প্রতিশ্রুতি দিয়েছেন অস্ট্রেলীয়, চীন এবং মালয়েশীয় সরকারি কর্মকর্তারা।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 05 May 2014, 03:21 PM

Updated : 01 Sep 2026, 12:49 PM

প্রায় দুই মাস আগে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বিমানটি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়।সোমবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় এক বৈঠকে পর সংবাদ সম্মেলনে এই প্রতিশ্রুতি দেন দেশগুলোর কর্মকর্তারা। বৈঠকে অস্ট্রেলীয় উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রসও উপস্থিত ছিলেন।বাণিজ্যিক বিমান চলাচল ইতিহাসের বৃহত্তম তল্লাশি অভিযান চালানোর পরও ৮ মার্চ নিখোঁজ হওয়া মালয়েশীয় এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০’র কোনো খোঁজ পাওয়া যায়নি।নিখোঁজ বিমানটিতে যাত্রী ও ক্রু’সহ ২৩৯ জন আরোহী ছিল। এদের অধিকাংশই চীনের নাগরিক।অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পার্থ থেকে ১৬শ’ কিলোমিটার দূরে ভারত মহাসাগরের বিস্তৃত একটি এলাকার কোথাও বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।তল্লাশি এলাকা নির্দিষ্ট করে অপেক্ষাকৃত ছোট একটি এলাকা নির্ধারণ করার পর লাখ লাখ কিলোমিটার এলাকায় কয়েক সপ্তাহের তল্লাশির পরও বিধ্বস্ত বলে কথিত বিমানটির কোনো একটি টুকরোও খুঁজে পাওয়া যায়নি।এই নিষ্ফল অভিযানের পর সাগর ও আকাশপথে তল্লাশি বন্ধ করে দেয় অভিযান সমন্বয়কারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষ।ক্যানবেরার বৈঠকের পর কর্মকর্তারা জানিয়েছেন, তল্লাশির নতুন একটি পর্ব শুরু করার প্রস্তুতি নেয়া হয়েছে এবং এর জন্য ৬ কোটি অস্ট্রেলীয় ডলারের একটি বাজেট নির্ধারণ করা হয়েছে।তারা জানান, সাগরের ওপরে দৃশ্যমান ও সাগরতলে শব্দতরঙ্গের মাধ্যমে চালানো তল্লাশির মাধ্যমে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ও সাগরতলে তল্লাশি চালানোর মতো স্পর্শকাতর যন্ত্রপাতি ভাড়া দেয়ার মতো একজন ঠিকাদার পাওয়ার পর এ পর্বের অভিযানের প্রস্তুতি নেয়া হয়।অভিযানের ব্যয় বহনের বিষয়ে ক্যানবেরা বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে নিখোঁজ বিমানটির নির্মাতা কোম্পানি বোয়িং ও বিমানটির ইঞ্জিনের নির্মাতা রোলস রয়েসের অভিযানের ব্যয় বহনে অংশগ্রহণ করার কথা আলোচিত হয়েছে।এ বিষয়ে কোম্পানি দু’টির সঙ্গে ট্রস কথা বলবেন বলে সিদ্ধান্ত হয়েছে।এ বিষয়ে ট্রস বলেন, “নির্মাতা কোম্পানিগুলোও বিমানটির পরিণতি সম্পর্কে জানতে চায়। কারণ ঘটনা জানা গেলে তাদের উৎপাদিত পণ্য সম্পর্কে তাদের যে আত্মবিশ্বাস তা সঠিক কিনা তা যাচাই হয়ে যাবে।”“এভাবে বিমান নির্মাতা কোম্পানি ও তাদের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর অংশগ্রহণ বাড়ানোর বিষয়টিতে আমাদের নজর দেয়া উচিত বলে মনে করি আমি,” বলেন তিনি।এবারের পর্বে ভারত মহাসাগরের ৬০ হাজার বর্গ কিলোমিটার এলাকায় তল্লাশি চালানো হবে এবং এতে আট মাস বা তার বেশি সময় লাগতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তারা।