কেনিয়ায় যাত্রীবাহী বাসে বোমা হামলা, নিহত ৩
কেনিয়ার রাজধানী নাইরোবিতে যাত্রীবাহী দুটি বাস লক্ষ করে চালানো দুটি বোমা হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্ততপক্ষে ৬২ জন।
রোববার নাইরোবির উত্তর-পূর্বাংশের ব্যস্ত থিকা মহাসড়কে বিস্ফোরণের এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।
আহতদের মধ্যে ২০ জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছে কেনিয়ার ন্যাশনাল অপারেশন ডিজাস্টার সেন্টার।
ওই সড়কের কাসারানি এলাকায় একটি আবাসিক হোটেলের সামনে ও একটি আন্ডারপাসে বিস্ফোরণ দুটি ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিস্ফোরণের সময় বাস দুটি যাত্রীবোঝাই ছিল। বিস্ফোরণে ঘরে বানানো বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুদিনের মধ্যে কেনিয়ায় এটি দ্বিতীয় বোমা হামলা। এর আগে, শনিবার উপকূলীয় শহর মোম্বাসায় যাত্রীবাহী একটি বাস লক্ষ করে গ্রেনেড নিক্ষেপ করা হলে চারজন নিহত ও ১৫ জন আহত হন।
রাজধানী নাইরোবী থেকে বাসটি মোম্বাসায় পৌঁছানোর পরপরই হামলাটি চালানো হয়। পরে সাগরতীরের একটি আবাসিক হোটেলের সামনে আরেকটি বোমার বিস্ফোরণ ঘটানো হলেও কেউ হতাহত হয়নি।
এসব হামলার জন্য আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট সোমালি জঙ্গিদল আল শাবাবকে দায়ী করেছে কেনিয়া সরকার।
কেনীয় সেনাবাহিনী ২০১১ থেকে প্রতিবেশী সোমালিয়ার আল শাবাব জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করলে গোষ্ঠীটি কেনীয় স্বার্থের বিরুদ্ধে প্রতিশোধমূলক ধারাবাহিক সন্ত্রাসী হামলা শুরু করে।
