২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্লোভিয়ানস্কে ৭ পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা

পূর্ব ইউক্রেইনে এক সপ্তাহ আগে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হাতে বন্দি সাত বিদেশি সামরিক পর্যবেক্ষককে মুক্তি দেয়া হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2014, 10:45 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

বিবিসির খবরে বলা হয়, শনিবার মুক্তি পাওয়াদের মধ্যে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর দুই কর্মকর্তা এবং ইউক্রেইনের পাঁচ উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন।

পর্যবেক্ষক সংস্থা ওএসসিই এবং স্লোভিয়ানস্কের বিচ্ছিন্নতাবাদীদের নেতা ইয়েচিসলাভ পানামারিয়াভ জিম্মিদের মুক্তি দেয়ার কথা জানিয়েছেন।

স্লোভিয়ানস্ক শহরের রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা জানান, তারা কোনো শর্ত ছাড়াই সাত কর্মকর্তাকে মুক্তি দিয়েছেন।

এদিকে পূর্বাঞ্চলে আবারও বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক তৎপরতা শুরু করেছে ইউক্রেইন। কিছু কিছু স্থানে বিচ্ছিন্ন সংঘর্ষেরও খবর পাওয়া গেছে।

শুক্রবার দক্ষিণ ইউক্রেইনের উপসাগরীয় অঞ্চল ওডেসায় রুশপন্থি ও কিয়েভপন্থিদের মধ্যে সংঘর্ষে অন্তত ৪২ জন নিহত হন। প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচের পদত্যাগের পর এটি ছিল সবচেয়ে সহিংসতা প্রবণ দিন।

ইউক্রেইনের অস্থিতিশীলতার জন্য পাশের দেশ রাশিয়াকে দায়ী করে আসছে পশ্চিমাদেশগুলো। ইতোমধ্যেই মস্কো প্রশাসনের বিরুদ্ধে কয়েকধাপের রাজনৈতিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে তারা।

মস্কোর পক্ষ থেকেও শুক্রবারের সংঘর্ষ ও বহু হতাহতের জন্য পশ্চিমাদেশগুলোকে দায়ী করা হয়েছে।

বন্দিদের মুক্ত করতে বিচ্ছিন্নতাবাদিদের সঙ্গে আলোচনা করতে আগেই দূত পাঠিয়েছিল রাশিয়া।

মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্র পিসকভ বলেন, “পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদেরকে নিরস্ত্র করার আর কোনো পথ রাশিয়ার নেই। কারণ তাদের জীবন হুমকির মুখে পড়েছে।

পুরনো খবর:

সুইডিশ পর্যবেক্ষককে মুক্তি দিয়েছে ইউক্রেইনের রুশপন্থিরা