২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ায় পাতাল ট্রেন দুর্ঘটনায় আহত ২০০

দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবির এক মাস পেরোতে না পেরোতেই আরেকটি দুর্ঘটনা ঘটেছে রাজধানী সিউলের পাতাল ট্রেন স্টেশনে। দুই ট্রেনের সংঘর্ষে আহত হয়েছে দুই শতাধিক যাত্রী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2014, 05:45 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

আহতদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। তবে কারো অবস্থাই গুরুতর নয় বলে জানানো হয়েছে খবরে।

স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের পেছনে আরেকটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

গত মাসে ফেরিডুবির ঘটনায় প্রায় ৩শ’ জনের মৃত্যুতে দক্ষিণ কোরিয়ায় জাতীয় শোক চলার মাঝে নতুন এ দুর্ঘটনা ঘটল।

শুক্রবার সিউলের প্রধান পাতাল ট্রেন স্টেশন সাংওয়াংজিমনি-তে স্থানীয় সময় ১৫টা ৩০ (০৬.৩০ জিএমটি) এ দুর্ঘটনা ঘটে। যান্ত্রিক গোলযোগের কারণে একটি ট্রেন স্টেশনে এসে থামার পর দ্বিতীয় ট্রেনটি এসে এর পেছনে ধাক্কা খায় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ বার্তা সংস্থা।

তবে সিউলের মেট্রো কর্মকর্তা চুং সু ইয়ং বলছেন, সিগনালের ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে এবং দুটো সাবওয়ে ট্রেনই লাইনচ্যুত হয়েছে।