হামায় আত্মঘাতী হামলা, ১১ শিশু নিহত
সিরিয়ার হামা প্রদেশে দুটো আত্মঘাতী বোমা হামলায় ১১ শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
এতে বলা হয়, হামা এবং আল হুমাইরি শহরের উত্তরপূর্বে জিবরিনে এ সন্ত্রাসী হামলা হয়েছে।
তবে এলাকার গ্রামগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে বলে গণমাধ্যমে দাবি করা হয়।
হোমস এর সরকার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার কয়েকদিন পর এ হামলা হল।
বোমা হামলার দায় এ পর্যন্ত কেউ স্বীকার করেনি। তবে আল কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের বিদ্রোহীরা সম্প্রতি কয়েক সপ্তাহে কয়েকটি গাড়ি বোমা হামলা চালিয়েছে।
সিরিয়া সরকার সম্প্রতি উত্তরাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে বোমা হামলা জোরদার করার পর হামায় এ সহিংসতা হল।
