স্লোভিয়ানস্কে লড়াই: হেলিকপ্টার ভূপাতিত
পূর্ব ইউক্রেইনের স্লোভিয়ান্স্ক শহরে রুশপন্থিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে কিয়েভ বাহিনী।লড়াইয়ে রুশপন্থি অস্ত্রধারীরা ইউক্রিইন সেনাবাহিনীর দু’টি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে।
এ ঘটনায় একজন পাইলটসহ দুইজন নিহত হয়েছে, আহত হয়েছে ৭ জন। ইউক্রেইনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ লড়াইয়ে বহু রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী হতাহত এবং গ্রেপ্তার হয়েছে বলে জানিয়েছেন।
শহরটিতে বিচ্ছিন্নতাবাদীদের সব তল্লাশিকেন্দ্রও দখল করা হয়েছে বলে জানিয়েছেন তুর্কিনোভ। তবে বিচ্ছিন্নতাবাদীরা তল্লাশিবেন্দ্রগুলো তাদের নিয়ন্ত্রণেই রয়েছে বলে দাবি করেছে।
স্লোভিয়ান্স্ক শহরে শুক্রবার ভোরে ব্যাপক সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে ইউক্রেইনের সেনাবাহিনী। কিন্তু রুশপন্থিরা পাল্টা হামলা চালিয়ে ইউক্রেইনের দু’টি হেলিকপ্টার ভূপাতিত করে।
শুক্রবার এক বিবৃতিতে ইউক্রেইনের স্বরাষ্ট্রমন্ত্রী আরসেনি অ্যাভাকভ স্লোভিয়ানস্ক-ক্রামাতোর্স্ক অঞ্চলে সক্রিয় অভিযান শুরুর কথা জানান। এ অভিযানে অংশ নেয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সেনারাসহ ন্যাশনাল গার্ড বাহিনী।
লড়াইকালে রুশপন্থি অস্ত্রধারীরা ইউক্রেইনের বিশেষ বাহিনীর ওপর পাল্টা ভারী অস্ত্রের হামলা চালায়।
ইউক্রেইনের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীরা হামলা চালিয়ে দুটি এমআই-২৪ হেলিকপ্টার ভূপাতিত করে। এতে এক পাইলট নিহত হয় এবং আরেক পাইলটকে বিচ্ছিন্নতাবাদীরা ধরে নিয়ে গেছে।
চিকিৎসাকর্মীদেরকে বহনকারী তৃতীয় আরেকটি হেলিকপ্টারেও হামলা হয়েছে এবং কর্মীরা আহত হয়েছে।
বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি হেলিকপ্টার ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইউক্রেইন। এতে করে ওই এলাকায় দক্ষ এবং সুপ্রশিক্ষীত বিদেশি সামরিক বাহিনী তৎপরতা চালানোরই আভাস পাওয়া যাচ্ছে বলে মন্তব্য করেছে কিয়েভ।
