২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনগাজিতে সেনা-বিদ্রোহীদের মধ্যে তুমুল লড়াই

লিবিয়ার পূর্বাঞ্চলীয় বন্দর শহর বেনগাজিতে সেনাবাহিনী ও সশস্ত্র বিদ্রোহীদের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 02 May 2014, 02:39 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

শুক্রবার এই ঘটনা শুরু হয় বলে স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন।

সকালে এক ঘণ্টারও বেশি সময় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেনা বাহিনীর বিশেষ বাহিনী সাজোয়া যান নিয়ে শহরের নিরাপত্তা সদরদপ্তরের দিকে গেছে।

সেনাবাহিনীর সঙ্গে লড়াই চালানো গোষ্ঠীর পরিচয় এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, এখানে প্রায়ই ইসলামি বিদ্রোহী-জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বাধে।

জানা গেছে, লড়াইয়ে হতাহতের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোন নিরাপত্তা কর্মকর্তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বেনগাজির একটি সেনা শিবিরের ফটকে এক আত্মঘাতী গাড়িবোমা হামলা চালানোর কয়েকদিনের মধ্যেই এই গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটল।

ওই আত্মঘাতী হামলায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

ডিসেম্বরের পর ওটি ছিল দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা।

গাড়িবোমা হামলা এবং সেনা ও পুলিশ হত্যা বেনগাজির নৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে। ইসলামি জঙ্গিগোষ্ঠী আনসার আল-শরিয়ার সদস্যদের সঙ্গে সেনা বাহিনীর সদস্যদের প্রায়ই লড়াই বাধে।

আনসার আল-শরিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী গোষ্ঠীর তালিকাভুক্ত।

২০১২ সালের সেপ্টেম্বরে বেনগাজিতে সন্ত্রাসী হামলায় মার্কিন কূটনীতিকসহ অপর তিন মার্কিনি নিহত হওয়ার পর বিশ্বের অধিকাংশ দেশ সেখানে তাদের কনস্যুলেট বন্ধ করে দিয়েছে।

এমন কী বেশকিছু বিদেশি বিমান পরিবহন সংস্থাও ওই ঘটনার পর থেকে বেনগাজিতে তাদের বিমান চলাচল বন্ধ রেখেছে।