২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ভারতের আম আমদানিতে নিষেধাজ্ঞা

ভারতের বাজার থেকে আমসহ আরো চার ধরনের সবজি আমদানি সাময়িকভাবে বন্ধ করেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 09:11 PM

Updated : 13 Oct 2022, 12:03 PM

গত বছর ইইউ’র সদস্য রাষ্ট্রগুলোর ‘প্লান্ট হেলথ’ (উদ্ভিদ স্বাস্থ্য) বিষয়ক স্ট্যান্ডিং কমিটি ভারত থেকে আসা সবজি ও আমের অন্তত ২০৭টি চালানে (অ-ইউরোপীয় ফ্রুট ফ্লাইজ) ফলের পোকা বা কীট পাওয়ার পর সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়।

আম ছাড়াও আমদানি বন্ধ করা অন্যান্য সবজি হল বেগুন, কচুর ওল, করলা ও চিচিঙ্গা। ১ মে থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে বলে জানিয়েছে বিবিসি ও পিটিআই।

ইইউর দেশগুলোর মধ্যে ভারতীয় সবজির সবচেয়ে বড় বাজার যুক্তরাজ্য। ওই দেশে প্রতিবছর ভারত থেকে এক কোটি ৬০ লাখ আম আমদানি হয় যার বাজার মূল্য কমপক্ষে ৬০ লাখ পাউন্ড (জিবিপি)। আম ছাড়াও দুই ধরনের স্কোয়াশ এবং রান্নায় ব্যবহৃত এক ধরনের পাতাও নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

২০১৫ সালের শেষ নাগাদ নিষাধাজ্ঞা প্রত্যাহার নিয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে ভারতের ‘দ্য হিন্দু পত্রিকা’।

যুক্তরাজ্যের বাজারে ভারতীয় কাঁচামাল ব্যবসায়ীরা এ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছে। এর ফলে তাদের ব্যবসা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে দাবি ব্যবসায়ীদের। ইউরোপীয় ইউনিয়নের সভাপতি বরাবর লেখা একটি চিঠিতে ভারতীয় বংশোদ্ভুত ব্রিটিশ এমপি কিথ ভাস বলেন, “এটি ইউরোপীয় ইউনিয়নের বিবেচনাহীন সিদ্ধান্ত। শত শত বছর ধরে ভারতের আম ব্রিটেনে রপ্তানি হয়ে আসছে। আমদানিকারকদের সঙ্গে আলোচনা ছাড়াই এধরনের সিদ্ধান্তে আমি হতবাক।” ওদিকে, ভারতীয় আম রপ্তানীকারকরা বলেছে, তারা চালান পরীক্ষা করে দেখছে এবং নিষেধাজ্ঞা তুলে নেয়ার চেষ্টা করার জন্য ব্রাসেলস কর্তৃপক্ষের শরনাপন্ন হয়েছে।