২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুশপন্থিদের দখলে ডোনেস্ক কৌঁসুলির কার্যালয়

পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক এ আঞ্চলিক কৌঁসুলির কার্যালয় দখল করেছে শ’শ’ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদী। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

হামলাকারীরা পুলিশের দিকে মল্টোভ ককটেল এবং পাথর ছুড়ে মারে। পাল্টা টিয়ার গ্যাস এবং স্টান গ্রেনেড ছুড়ে পুলিশও।

পরে টিভিতে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা যায় অস্ত্রধারীরা পুলিশকে নিরস্ত্র করে তাদেরকে ভবনের বাইরে বের করে আনছে।

ডোনেস্কে রুশপন্থিরা কৌঁসুলির কার্যালয়ে হামলা চালায় এবং কার্যালয়ের কর্মচারীরা সব কিয়েভ সরকারের পক্ষের লোক বলে অভিযোগ করে।

রুশপন্থি অস্ত্রধারীরা এরপর পুলিশ কর্মকর্তাদের কাছ থেকে অস্ত্র ও ঢাল ছিনিয়ে নিয়ে জোর করে ভবনে প্রবেশ করে। তাদের অনেকেই ‘ফ্যাসিবাদী! ফ্যাসিবাদী’ স্লোগান দেয় এবং ভবনের ওপরে স্বঘোষিত ডোনেস্ক গণপ্রজাতন্ত্রের পতাকা ওড়ায়।

সম্প্রতি কয়েক সপ্তাহে ডোনেস্ক অঞ্চলের বহু সরকারি কার্যালয় রুশপন্থিরা দখল করেছে। ডোনেস্কে আম্ব্রোসিইভকা টাউন কাউন্সিলও রুশপন্থিরা দখল করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

ওদিকে, মস্কোয় বৃহস্পতিবার সোভিয়েত যুগের পর প্রথম রেড স্কয়ারে মে দিবসের বড় ধরনের মিছিল করেছে ট্রেড ইউনিয়নকর্মীরা। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমর্থনে হাতে তারা ব্যানার নিয়ে মিছিল করে। ইউক্রেইনের অঞ্চল রাশিয়ার সঙ্গে যুক্ত করে নেয়ার পক্ষ সমর্থন করে তারা।

পূর্ব ইউক্রেইনের ডোনেস্ক এ রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা আগেই নিজ উদ্যোগে ওই অঞ্চলকে ডোনেস্ক গণপ্রজাতন্ত্র ঘোষণা করেছে এবং রাশিয়ায় যোগ দেয়ার প্রশ্নে ১১ মে তে গণভোট ডেকেছে।

রুশপন্থিদের এ দৌরাত্মের মুখে ইউক্রেইন সরকার ‘অসহায়’ বলে এরই মধ্যে স্বীকার করে নিয়েছে।পূর্ব ইউক্রেইন কিয়েভ সরকারের হাতছাড়া হয়ে যাওয়ার মত পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

এ অবস্থায় ইউক্রেইনের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভ রাশিয়ার আগ্রাসন মোকাবেলার প্রস্তুতি নিয়ে রাখার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার তিনি এক ডিক্রি জারি করে ১৮ থেকে ২৫ বছর বয়সী সবাইকে বাধ্যতামূলকভাবে সামরিক বাহিনীতে যোগ দেয়ার আইন পুনর্বহাল করেছেন।