ইউক্রইনে রাশিয়ার সামরিক অ্যাটাশে আটক
ইউক্রেইনে গুপ্তচরবৃত্তির সন্দেহে দেশটিতে নিযুক্ত রাশিয়ার সামরিক অ্যাটাশেকে আটক করে দেশ ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
রুশ সামরিক অ্যাটাশের নাম-পরিচয় সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য জানায়নি ইউক্রেইন কর্তৃপক্ষ। ইউক্রেইনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ওই অ্যাটাশে তার কূটনৈতিক মর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এমনসব কর্মকান্ডে জড়িত ছিলেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেইনে রাশিয়ান ফেডারেশনের দূতাবাসের নৌ-প্রতিরক্ষা অ্যাটাশেকে বুধবার গোয়েন্দাগিরি করার সময় আটক করা হয়। তার সন্দেহজনক কর্মকাণ্ডের জন্য তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
একইসঙ্গে তাকে ইউক্রেইন ত্যাগের নির্দেশ দেয়া হলেও এর কোনো সময়সীমা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে রয়টার্স। মস্কো এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি।
কিয়েভ এবং পশ্চিমা দেশগুলো পূর্ব ইউক্রেইনের বিচ্ছিন্নতাবাদী অস্থিরতা উস্কে দেয়ার জন্য রাশিয়াকে দোষারোপ করে আসছে। মস্কো এ অভিযোগ অস্বীকার করেছে।
গত মার্চে ইউক্রেইনের ক্রিমিয়া এক গণভোটের মধ্য দিয়ে রাশিয়ায় যোগ দেয়ার পর মস্কোর সঙ্গে কিয়েভের সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়। ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় শহরগুলোর সরকারি বিভিন্ন ভবন এখন রুশপন্থি অস্ত্রধারীদের কবলে। তার ওপর ইউক্রেইন সীমান্তেও মোতায়েন রয়েছে হাজার হাজার রুশ সেনা।
