২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে টিয়ারগ্যাসে পণ্ড মে দিবসের মিছিল

শ্রমিকদের অধিকার আদায়ের দিন মে দিবসে তুরস্কের তাকসিম স্কয়ারে শ্রমিক সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল টিয়ার গ্যাস আর জলকামানের পানি ছুঁড়ে পণ্ড করেছে দাঙ্গা পুলিশ।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2014, 04:28 PM

Updated : 25 Apr 2022, 04:07 PM

বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে শ্রমিকরা মিছিল করে রাস্তায় নামলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে।

নগরীজুড়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। অনেকেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করার অঙ্গীকার করে।

সরকারি সংবাদ সংস্থা আনাতোলিয়ার খবরে বলা হয়, মিছিল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে এবং আহত হয়েছে বেশ কয়েকজন।

রাজধানী আঙ্কারার তাকসিম স্কয়ারে শ্রমিকদের সমাবেশ ও মিছিল ঠেকাতে আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৪০ হাজার সদস্য মোতায়েন করা হয়।

তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান শ্রমিকদেরকে তাকসিম স্কয়ারে সমবেত না হওয়ার ব্যাপারে সতর্ক করেছিলেন।

কিন্তু প্রধান ট্রেড ইউনিয়নগুলো এক যৌথ বিবৃতিতে বুধবার নিষেধাজ্ঞা উপেক্ষা করে তাকসিম স্কয়ারে বিক্ষোভ করার ঘোষণা দেয়।

গত মাসে হয়ে যাওয়া স্থানীয় সরকার নির্বাচনে বড় ব্যবধানে জিতেছে প্রধানমন্ত্রী এরদোয়ানের দল। প্রায় এক দশক ধরে ক্ষমতায় থাকা তুরস্কের এ ইসলামপন্থি নেতার বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ বেড়ে গেলেও আগামী অগাস্টের প্রেসিডেন্ট নির্বাচনেও দলের হয়ে লড়তে চান তিনি।

দৈনিক আট ঘণ্টা কাজের দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকরা ১৮৮৬ সালের পয়লা মে তিন দিনের সাধারণ ধর্মঘট ডেকেছে।

৪ মে শিকাগোর হে মার্কেট স্কয়ারে শ্রমিক সমাবেশে গুলিবর্ষণ করা হয়। বহু শ্রমিক মারা যায়। তারপর থেকে সারাবিশ্বে পয়লা মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি’ দিবস হিসেবে পালিত হচ্ছে।