আফগানিস্তানে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫০
আফগানিস্তানে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ১৫০ জনে দাঁড়িয়েছে।
দেশটির বন্যাকবলিত বেশকিছু এলাকার সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে বিবিসি জানিয়েছে।
সড়কগুলো বন্যার পানিতে ধ্বংস হয়ে গেছে। এ কারণে দুর্গত মানুষের কাছে কোন সহায়তা পৌঁছানো যাচ্ছে না।
বন্যাকবলিত জোজান প্রদেশের গভর্নর বয়মুরোদ কইনালি জানিয়েছেন, বন্যায় মাটির তৈরি ঘর ধ্বংস হয়ে যাওয়ায় হাজারো মানুষ তাঁবু খাটিয়ে থাকতে বাধ্য হচ্ছেন।
তিনি আরো জানান, শুধু তার প্রদেশেই মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭০ জনে।
বন্যা উপদ্রুত অপর দুই প্রদেশ শার-ই পল-এ ৩১ জন এবং ফারিয়াবে অন্ততপক্ষে ৪৩ জন বন্যায় মৃত্যুবরণ করেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
জোজান প্রদেশের গভর্নর জানিয়েছেন, তিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে বন্যার কারণে ১৮ হাজার মার্কিন ডলার সমপরিমাণ সহায়তা পেয়েছেন। এবং আরো ৩৬ হাজার মার্কিন ডলার সমপরিমাণ সহায়তার প্রতিশ্রুতি পেয়েছেন।
বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্য নানামুখী প্রচারণা চালানো হচ্ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে সহায়তা চেয়ে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীসহ বিদেশে বসবাসকারী আফগানরাও সহায়তা পাঠাচ্ছেন।
ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় তাঁবু, খাদ্য এবং পানি পৌঁছানো সম্ভব হয়েছে।
গত সপ্তায় দেশটিতে আকস্মিক বন্যায় অনেক মানুষ হতবিহ্বল হয়ে পড়েন। শত শত মানুষ ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। তাদেরে সেনা হেলিপক্টারযোগে উদ্ধার করার প্রয়োজন।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিল্ড্রেনের পরিসংখ্যান অনুযায়ী বন্যায় আক্রান্ত মানুষের সংখ্যা ৪০ হাজার। তাদের মধ্যে ২৫ হাজারই শিশু।
