মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগ
ভারতে লোকসভা নির্বাচনে সপ্তম পর্বে প্রধান বিরোধীদল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি আচরণবিধি লংঘন করেছেন বলে অভিযোগ করেছে খোদ নির্বাচন কমিশন।
বুধবার কমিশনের পক্ষ থেকে অভিযোগ তোলার পরই মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়। আহমেদাবাদ পুলিশ তার বিরুদ্ধে মামলাও করেছে বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমের খবরে।
লোকসভা নির্বাচনের সপ্তম ধাপের ভোটগ্রহণ চলাকালে দলীয় প্রতীক দেখিয়ে এবং রাজনৈতিক বক্তব্য দিয়ে মোদি আচরণবিধি লংঘন করেছেন বলে আভিযোগ নির্বাচন কমিশনের।
বিবিসির খবরে বলা হয়, গুজরাটে নিজের আসনে ভোট দেয়ার পর মোদি সংবাদিক ও দলীয় কর্মীদের উদ্দেশ্য বক্তব্য দেন।পরে টুইটারে আঙ্গুলের কালির একটি সেলফিও পোস্ট করেন তিনি।
এনডিটিভি জানায়, বিধি ভঙ্গের ঘটনায় নরেন্দ্র মোদি এবং আহমেদাবাদে ভোটকেন্দ্রের বাইরে মোদির বেরিয়ে আসার দৃশ্য সম্প্রচারকারী একটি টেলিভিশনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
আহমেদাবাদে একটি ভোটকেন্দ্রে মোদি ভোট দেয়ার পর আঙ্গুলের কালি উঁচিয়ে বেরিয়ে আসেন। বাইরে থাকা সমর্থকদের সঙ্গে সহাস্যে বেরিয়ে আসার পর দূরে দাঁড়িয়ে থাকা টিভি ক্যামেরার সামনেও একই ভঙ্গিতে ছিলেন তিনি। তার হাতে বিজেপির প্রতীক পদ্ম ফুলও ছিল।
আর এঘটনায় তিনি নির্বাচনী আচরণ বিধি লংঘন করেছেন বলে জানান নির্বাচন কমিশনার।
মোদি সমর্থকদের উদ্দেশ্যে বলেন, “মা-ছেলের সরকারের পতন কেউ ঠেকাতে পারবে না।….. নতুন একটি শক্তিশালী সরকার গঠিত হতে যাচ্ছে।”
নির্বাচন কমিশনের অভিযোগ, মোদির এ ভাষ্যেই পরিষ্কার যে এটি রাজনৈতিক বক্তব্য। এ বক্তব্য ভোটকে প্রভাবিত করেছে।
তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়, কোনো পরিকল্পিত সংবাদ সম্মেলনে ওই বক্তব্য দেয়া হয়নি। বিজেপি নির্বাচন কমিশনকে সম্মান করে। আর মোদিও আচরনবিধি লংঘন করেননি।
ভারতে আইনানুযায়ী ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে নির্বাচনী প্রতীক প্রদর্শন দণ্ডনীয় অপরাধ। এই বিধি অনুসারে ভোট কেন্দ্রে হাতও দেখানো যায় না।
আচরণ বিধি ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হলে মোদির দুই বছরের জেল, জরিমানা কিংবা উভয় দণ্ডই হতে পারে। তবে তা হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন সংবাদদাতারা।
