ইরাকে ভোটের আগে হামলায় নিহত অর্ধশতাধিক
ইরাকে নির্বাচনী সমাবেশ, পুলিশ ও সেনাদের ওপর বোমা হামলায় অর্ধশতেরও বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা। পুলিশ ও সেনা সদস্যদের ভোট আগাম গ্রহণ করার সময় এসব হামলা চালানো হয়।
বুধাবার অনুষ্ঠিতব্য দেশটির পার্লামেন্ট নির্বাচনের দুই দিন আগে সোমবার এসব হামলা চালানো হয়।
দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় খানাকিন শহরে কুর্দিদের সমাবেশে এক আত্মঘাতী হামলায় অন্ততপক্ষে ৩০ জন নিহত হন। এ হামলায় আহত হন আরো ৫০ জন।
ইরাকের অসুস্থ কুর্দি প্রেসিডেন্ট জালাল তালাবানি জার্মানিতে তার ভোটে দিয়েছেন। প্রেসিডেন্টের আগাম ভোট দেয়ার এ দৃশ্য টেলিভিশনে দেখানো হলে তা উদযাপন করার জন্য জড়ো হয়েছিল কুর্দিরা। তখনই হামলাটি চালানো হয়।
এক পুলিশ কর্মকর্তা বলেছেন, “দেশপ্রেমিক কুর্দিস্তান ইউনিয়নের সদরদপ্তরের সামনের এ সমাবেশে ভিড়ের মধ্যে আত্মঘাতী বোমাটির বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দিলে ভয়াবহ দৃশ্যের অবতারণা হয়।”
নিহতদের মধ্যে এই পুলিশ কর্মকর্তার ভাইও রয়েছেন।
এর আগে দেশটির রাজধানী বাগদাদে ও উত্তর ইরাকে সুন্নি জঙ্গিরা সেনাবাহিনী ও পুলিশের উর্দি পড়ে কয়েকটি ভোট কেন্দ্রে হামলা চালায়।
বাগদাদের পশ্চিমাংশের মনসুর এলাকায় এ ধরনের একটি হামলায় পুলিশের উর্দি পড়া এক আত্মঘাতী ভোট দেয়ার ছলে কেন্দ্রে উপস্থিত হয়ে শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ছয় পুলিশ নিহত ও অপর ১৬ জন আহত হন।
বাগদাদের সুন্নি আবাসিক এলাকা আধহামিয়া এলাকায় অপর একটি ভোট কেন্দ্রের সামনে এক আত্মঘাতী আরেকটি বোমা বিস্ফোরণ ঘটায়। এতে চার সেনা নিহত ও অপর সাতজন আহত হন।
উত্তর ইরাকে নিরাপত্তা বাহিনীর ওপর সুন্নি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী দি ইসলামিক স্টেট অব ইরাক এবং দ্য লেভান্ত (আইএসআইএল) এর চোরাগোপ্তা হামলায় অন্ততপক্ষে ১০ পুলিশ নিহত হন।
তুজ খুরমাতুতে পুলিশের উর্দি পরিহিত এক আত্মঘাতী হামলাকারী একটি থানার সামনে বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিলে তিন পুলিশ নিহত হন। আহত হন আরো নয়জন।
কিরকুকে একটি ভোট কেন্দ্রে পুলিশের উর্দি পড়া এক আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটালে ছয় পুলিশ নিহত হন।
এছাড়া কিরকুক থেকে ৭০ কিমি দক্ষিণপশ্চিমের হাবিজা শহরে সেনা উর্দি পরিহিত অপর এক আত্মঘাতীর বোমা হামলায় এক সেনা নিহত ও অপর চারজন আহত হন।
