পূর্ব ইউক্রেইনের মেয়র গুলিতে আহত
গোলোযোগপূর্ণ পূর্ব ইউক্রেইনের খারকিভ শহরের মেয়র গেন্নাদি কেরনেস বন্দুকধারীদের গুলিতে আহত হয়েছেন। তার অবস্থা গুরুতর।
বিবিসি জানিয়েছে, কেরনেস জগিংয়ের জন্য বের হলে বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তার পিঠে গুলি লাগে। এরইমধ্যে হাসপাতালে জরুরি ভিত্তিতে তার অস্ত্রোপচার চলছে।
কেরনেস ইউক্রেইনের সাবেক রুশপন্থি প্রেসিডেন্ট ভিক্টর ইয়োনুকোভিচের সমর্থক ছিলেন। পরে তিনি অখণ্ড ইউক্রেইনের পক্ষ নিয়ে ক্ষমতাচ্যুত ইয়ানুকোভিচের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেন।
পূর্ব ইউক্রেইনের কোস্তিয়ান্তিনিভকা শহরের রুশপন্থিরা সোমবার একটি সরকার ভবন দখল করে নেয়ার পরপরই এ ঘটনা ঘটল।
