২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে নির্বাচনে দেশবাসীকে ভোট দেয়ার ডাক সিসির

আসছে জাতীয় নির্বাচনে ব্যাপকভাবে অংশ নেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মিশরীয় সেনাবাহিনীর সাবেক প্রধান আব্দেল ফাত্তা আল সিসি।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 28 Apr 2014, 11:23 AM

Updated : 22 Aug 2022, 06:10 PM

তার এই আহ্বানের বিপরীতে নির্বাচন বর্জন করার ডাক দিয়েছে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থক ইসলামপন্থী মিত্রজোট।

রোববার দেশটির পর্যটন শিল্পের বিনিয়োগকারীদের সঙ্গে এক বৈঠকে সিসি এ আহ্বান জানান।

দাপ্তরিক এক বিবৃতিতে জানানো হয়েছে, “মিশরের স্বার্থে নির্বাচনে ব্যাপকভাবে ভোট দেয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।”

২০১৩ সালের জুলাইয়ে সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের জের ধরে মিশরের ইতিহাসে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ইসলামপন্থী মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি।

চলতি বছরের ২৬-২৭ মে মিশরের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হয়েছেন সিসি। বামপন্থী প্রার্থী হামদিন সাবাহি তার একমাত্র প্রতিদ্বন্দ্বী।

মুসলিম ব্রাদারহুডের মুরসি যে বার জিতেছিলেন সেই ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সাবাহি তৃতীয় হয়েছিলেন। এবারের নির্বাচনে সিসি সহজ জয় পাবেন বলেই ধারণা করা হচ্ছে।

মুরসিকে সরিয়ে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের বিরোধীতাকারী ইসলামিক দলগুলোর একটি জোট এর আগে এক বিবৃতিতে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। “অভ্যুত্থান আয়োজনকারীকে” ক্ষমতায় বসানোর নকশা হিসেবে “পাতানো” নির্বাচনের আয়োজন করা হচ্ছে বলে দাবি করেছে তারা।

ফেইসবুকে পোস্ট করা এক বিবৃতিতে ইসলামপন্থী দলগুলোর ‘বৈধতার পক্ষের জাতীয় জোট’ এসব কথা বলেছে।

“অভ্যুত্থান সমর্থনকারী পশ্চিমা পর্যবেক্ষকদের”ও স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে তারা।