হামাসের সঙ্গে চুক্তি ভাঙুন: আব্বাসকে নেতানিয়াহু
হামাসের সঙ্গে চুক্তি ভেঙে ফেলতে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসলামিক হামাস-সমর্থিত ফিলিস্তিন সরকারের সঙ্গে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় ইসরায়েল অংশ নেবে না বলে জানান তিনি।
সিবিএস নেটওয়ার্কের দেয়া একটি ট্রান্সক্রিপ্টে মার্কিন টিভি প্রোগ্রাম ‘ফেস দ্য নেশন’ এ নেতানিয়াহু বলেন, প্রেসিডেন্ট আব্বাস হামাসের সঙ্গে চুক্তি চান নাকি ইসরায়েলের সঙ্গে শান্তি চান সে ব্যাপারে তাকে সিদ্ধান্ত নিতে হবে। হামাসকে গ্রহণ করে তিনি বলতে পারেন না যে তিনি ইসরায়েলের সঙ্গে শান্তি চান।
তিনি আরো বলেন, “আসলে আমি তাকে যা বলছি সহজ ভাষায় তা হচ্ছে: হামাসের সঙ্গে চুক্তি ভাঙুন। স্বীকার করে নিন ইহুদী রাষ্ট্রকে। শান্তি স্থাপন করুন। কিন্তু আপনি হামাস আর ইসরায়েলের সঙ্গে শান্তি দুটো একসঙ্গে পেতে পারেন না”।
আব্বাস বৃহস্পতিবার প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিনি রাজনৈতিক দল হামাসের সঙ্গে ঐক্য চুক্তি বাস্তায়বায়নের পথে আগানোর ঘোষণা দেয়ার পর ইসরায়েলে ফিলিস্তিনের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করেছে।
সিএনএন এর ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ প্রোগ্রামে নেতানিয়াহু আগের কথার পুনরাবৃত্তি করে বলেছেন, ইসরায়েল হামাস সমর্থিত ফিলিস্তিন সরকারের সঙ্গে আলোচনায় বসবে না।
হামাস-ফাতাহ সম্প্রীতি চুক্তির আওতায় ফিলিস্তিনে আগামী ৫ সপ্তাহের মধ্যে ঐক্য সরকার প্রতিষ্ঠা করাসহ ফিলিস্তিনি পার্লামেন্টে আস্থা ভোটের পরবর্তী ছয়মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা চলবে।
২০০৭ সালে হামাস এবং ফাতাহ রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর থেকে দু দলের সম্প্রীতির উদ্যোগ এটিই প্রথম না হলেও দুপক্ষের মধ্যকার ঐক্য চুক্তি এ পর্যন্ত কখনোই বাস্তবায়িত হয়নি।
বিভক্তির পর থেকে পশ্চিম তীরের ফিলিস্তিন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ রয়েছে আব্বাসের ফাতাহ’র হাতে। আর গাজার শাসনক্ষমতায় আছে হামাস।
