দ্বিতীয় দফা ভোটে চূড়ান্ত হবে আফগান প্রেসিডেন্ট
প্রথম দফা ভোটে কোনো প্রার্থীই নিরঙ্কুশ বিজয় অর্জন না করায় দ্বিতীয় দফা ভোটের মাধ্যমেই চূড়ান্ত হবে কে হবেন আফগানিস্তানের পরবর্তী প্রেসিডেন্ট। প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পাওয়া দুই প্রার্থীর মধ্যে চূড়ান্ত পর্বের প্রতিদ্বন্দ্বিতা সীমাবদ্ধ থাকবে।
শনিবার প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবদুলাহ আবদুলাহ এবং সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা আশরাফ ঘানি প্রথম দফায় সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
আফগানিস্তানের স্বাধীন নির্বাচন কমিশন (আইইসি) জানিয়েছে, ৫ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দফা নির্বাচনে আবদুলাহ ৪৪ দশমিক ৯ শতাংশ ভোট পেয়ে শীর্ষে আছেন এবং ঘানি ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন।
অপর প্রেসিডেন্ট প্রার্থী আরেক সাবেক পররাষ্ট্রমন্ত্রী জালমে রসুল ১১ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে অনেক পেছনে থেকে তৃতীয় হয়েছেন।
আইইসি চেয়ারম্যান আহমদ ইউসুফ নুরিস্তানি বলেছেন, “এটি প্রাথমিক ফলাফল। এই ফলাফল স্বাধীন নির্বাচন কমিশনের অভিযোগ শাখায় যাচাই হবে। যাচাইয়ের পর তারা যা পেলেন তা আমাদের জানানোর পর পর আমরা সেটিও প্রকাশ করবো।”
১৪ মে চূড়ান্ত ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। এই সময়ের মধ্যে, প্রায় পাঁচ লাখ ব্যালট জালিয়াতির অভিযোগ কর্তৃপক্ষ তদন্ত করে দেখবে।
এই পাঁচ লাখ অভিযুক্ত ভোট গ্রহণ করা হলে আর তা আবদুলাহর পক্ষে গেলে প্রথম দফায়ই তার নিরঙ্কুশ বিজয় অর্জন করার সম্ভবনা আছে। তবে তেমন কোনো কিছু হবে না বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।
নুরিস্তানি বলেছেন, “প্রাথমিকভাবে দ্বিতীয় পর্বের ভোটের জন্য ৭ জুন নির্ধারিত হয়েছে।”
আফগান প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফাকে একটি ব্যাপক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। ওই পর্বে দেশটির ১ কোটি ২০ লাখ ভোটারের মধ্যে প্রায় ৭০ লাখ তালেবানের হুমকি সত্বেও ভোট দিয়েছে।
নির্বাচনকে পশ্চিমা শক্তিগুলোর ‘পাতানো’ নির্বাচন দাবী করে ভোট বর্জন ও নির্বাচন ভূণ্ডুল করার ঘোষণা দিয়েছিল তালেবান। কিন্তু আফগান নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরায় প্রায় কোনো ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়।
এই নির্বাচনের মাধ্যমে দেশটির নতুন প্রেসিডেন্ট ক্ষমতা গ্রহণ করলে তা আফগানিস্তানের ইতিহাসে এক যুগান্তকারী সময়ের সূচনা করবে। কারণ এর মাধ্যমেই দেশটিতে প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের নজির সৃষ্টি হবে।
