২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ার অবরোধ কঠোর করতে চায় জি সেভেন

রাশিয়ার ওপর অবরোধ বাড়াতে প্রেসিডেন্ট ওবামার তোড়জোড়ের মধ্যে উন্নত দেশগুলোর জোট জি সেভেনের নেতারাও দেশটির ওপর অবরোধ আরো কঠোর করার পক্ষে সম্মতি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2014, 09:36 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

শনিবার বিবিসির খবরে বলা হয়, জি সেভেনের বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে অবরোধের কথা বলা হলেও এ সম্পর্কে বিস্তারিত বলা হয়নি।

তবে সোমবারের মধ্যে রাশিয়ার বিরুদ্ধে জোটের পদক্ষেপের ঘোষণা আসবে বলে জানান যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা।

ইউক্রেইনের ক্রিমিয়া উপদ্বীপের নিয়ন্ত্রণ নেয়ার পর রাশিয়ার বিরুদ্ধে কয়েক ধাপে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র-ব্রিটেন ও তাদের মিত্ররা।

ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় আরো কয়েকটি শহরে ক্রিমিয়া ধাঁচের বিচ্ছিন্নতাবাদী তৎপরতা শুরুর পর মস্কোর সঙ্গে পশ্চিমা নেতাদের নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।

ইউক্রেইন সঙ্কটের জন্য পরস্পরকে দায়ী করে কয়েকদিন ধরেই বক্তব্য দিচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সম্প্রতি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চারটি দেশে সফরে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামাও রাশিয়ার বিরুদ্ধে নতুন অবরোধ আরোপের হুমকি দিয়েছেন।

এদিকে পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের হাতে আটক আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ছাড়িয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছে মধ্যস্ততাকারীরা।

এদিকে গত শুক্রবার রাশিয়ার কয়েকটি বিমান পূর্ব ইউক্রেইনের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।

পেন্টগনের একজন মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় রাশিয়ার বিমানগুলো একাধিকবার ইউক্রেইনের আকাশসীমা ঘুরে গেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, ফ্রান্স, কানাডা এবং ইতালির যৌথ অংশগ্রহণে জি সেভেন জোটটি গঠিত।

সম্প্রতি দেয়া বিবৃতিতে ইউক্রেইন সীমান্তের কাছে রাশিয়ার সৈন্য সমাবেশের সমালোচনা করা হয়। এছাড়া মে মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন শান্তিপূর্ণ করার বিষয়েও জোর দেয় তারা।