দক্ষিণ কোরীয় ফেরির সব ক্রু আটক
প্রায় পাঁচশ যাত্রী নিয়ে ডুবে যাওয়া দক্ষিণ কোরীয় ফেরি ‘সেউল’ পরিচালনার সঙ্গে যুক্ত ১৫ জন ক্রু’র সবাইকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।
এদের সবাইকে কারাগারে রাখা হয়েছে বলে শনিবার জানিয়েছে বিবিসি।
এই ১৫ জনের মধ্যে ফেরিটির ক্যাপ্টেনসহ ১১ জন ক্রুকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। এরপর তদন্তকারী আইনজীবীর অনুরোধে অপর চার ক্রু’র বিরুদ্ধেও গ্রেপ্তারি পরওয়ানা জারি করা হয়।
শুক্রবার রাতে এই চারজন ক্রু’কে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন যৌথ তদন্তকারী দলের আইনজীবী ইয়াং জুঙ জিন।
তিনি জানিয়েছেন, এই ১৫ জনের বিরুদ্ধে যাত্রীদের সাহায্য করতে ব্যর্থতা ও দায়িত্বে অবহেলাজনিত ফৌজদারি অভিযোগ আনা হচ্ছে।
এদিকে, শুক্রবার ডুবে যাওয়া ফেরিটির ৩০ জন ধারণ ক্ষমতা সম্পন্ন একটি কক্ষ থেকে জীবন রক্ষাকারী জ্যাকেট পরিহিত ৪৮ ছাত্রের লাশ উদ্ধার করেছেন ডুবুরিরা।
১৬ এপ্রিল দক্ষিণ কোরিয়ার দক্ষিণপশ্চিম উপকূলে ৪৭৬ জন যাত্রী নিয়ে ডুবে যায় ৭ হাজার টন ধারণ ক্ষমতার ফেরি সেউল। ডুবুরিরা এ পর্যন্ত ১৮৩টি মৃতদেহ উদ্ধার করছে। এখনও পর্যন্ত ফেরিটির ৩শ’রও বেশি যাত্রী নিখোঁজ রয়েছেন।
নিখোঁজ এসব যাত্রীর অধিকাংশই একটি স্কুলের কিশোর বয়সী ছাত্র এবং তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
