পশ্চিমারা ইউক্রেইন ‘দখল’ করতে চায়: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করে বলেছেন, পশ্চিমারা ইউক্রেইন ‘দখল’ করতে চায়। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তীব্র বাগযুদ্ধের মধ্যে ল্যাভরভ এ অভিযোগ করলেন।
তিনি বলেন, “পশ্চিমারা ইউক্রেইনের জনগণের স্বার্থে নয় বরং নিজেদের ভূরাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য নিয়ে ইউক্রেইন দখল করতে চায়”।
ল্যাভরভ আরো বলেন, “যুক্তরাষ্ট্রের এ শক্তিশালী প্রচারণার লক্ষ্য হচ্ছে রাশিয়ার ভাবমূর্তি ক্ষুন্ন করা, তাদের ধ্বংস ডেকে আনা যারা কিয়েভ কর্তৃপক্ষের অবৈধ তৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে”।
ইউক্রেইন সঙ্কটের পেছনে মস্কোর হাত আছে এবং তারা ইউক্রেইনকে অস্থিতিশীল করছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করার পর রাশিয়ার পক্ষ থেকে এ পাল্টা অভিযোগ এল।
পূর্ব ইউক্রেইনের অস্থিতিশীলতায় রাশিয়ার সক্রিয় ইন্ধনের প্রমাণ আছে দাবি করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়ার গণমাধ্যমগুলো উস্কানিমূলক খবর ছেপে ইউক্রেইন নিয়ে পুতিনের কল্পনা বিলাসী চিন্তায় উৎসাহ যোগাচ্ছে।
ওদিকে, কিয়েভের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আর্সেনি ইয়েৎসিনিউক বলেছেন, রাশিয়া সামরিক ও রাজনৈতিকভাবে ইউক্রেইন দখলের মাধ্যমে “তৃতীয় বিশ্বযুদ্ধ” শুরু করতে চাইছে। মস্কো এমন একটি সঙ্কট সৃষ্টি করছে যা পুরো ইউরোপে ছড়িয়ে পড়বে।
যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইউক্রেইন সমস্যার সমাধানে জেনেভায় সম্পাদিত চুক্তি বাস্তবায়নে রাশিয়া একটুও অগ্রসর হায়নি। এ দেশটির কারণে পূর্ব ইউক্রেইনে রাজনৈতিক অচলাবস্থা জিইয়ে আছে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের।
অন্যদিকে, রাশিয়ার সেনারা কোনো কারণে সীমান্ত অতিক্রম করে ইউক্রেইনের ভেতরে প্রবেশ করলে তা সামরিক আগ্রাসন হিসাবে গণ্য হবে বলে হুঁশিয়ার করেছে কিয়েভ।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেস্কান্দর তুর্কিনোভের এক কর্মকর্তা বলেন, “আমরা মানবিক সাহায্যের নামে কোনো ভুয়া ঘোষণার ধার ধারব না। পূর্বাঞ্চলের হামলাকারীদেরকে আমরা নিশেঃষ করে দেব।”
রক্তাক্ত সন্ত্রাস
বেশ কয়েকদিন ধরে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা পূর্ব ইউক্রেইনে কয়েকটি সরকারি ভবনের দখল নিয়ে আছে। বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে কিয়েভপন্থি কয়েকজন রাজনীতিক নিহত হওয়ার পর ওই অঞ্চলে সেনা অভিযান শুরু হয়েছে।
অভিযানে কয়েকজন বিচ্ছিন্নতাবাদীর নিহত হয়েছে বৃহস্পতিবার। কিয়েভের এই অভিযানকে রক্তাক্ত সন্ত্রাস বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ।
