রাশিয়ায় নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় ওবামার
রাশিয়ার ওপর আরো নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
রাশিয়া ইউক্রেইনের বিরুদ্ধে বাড়তি কোনো পদক্ষেপ নিলে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপকে চাপ দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে আলাপ-আলোচনার চেষ্টা নিয়েছেন তিনি।
রাশিয়ার ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে ইইউ দেশগুলোর মধ্যে মতবিভেদ থাকায় যুক্তরাষ্ট্র এ শাস্তিমূলক পদক্ষেপ নিতে অগ্রসর হতে পারছে না। তবে ইইউ সাড়া না দিলেও ওয়াশিংটন একাই নিষেধাজ্ঞা আরোপের পথে যেতে পারে বলে জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র।
ইউক্রেইন সঙ্কট সমাধানে ১৭ এপ্রিলে হওয়া জেনেভা চুক্তি রাশিয়া মানতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র অধৈর্য হয়ে পড়েছে।
তাছাড়া, রাশিয়ার ওপর নতুন অর্থনৈতিক অবরোধ আরোপে ইউরোপের কয়েকটি দেশ বিশেষত জার্মানি এবং ইতালির অনীহার কারণেও যুক্তরাষ্ট্র হতাশ। তারপরও একতরফা সিদ্ধান্ত না নিয়ে যুক্তরাষ্ট্র ইইউ এর সঙ্গে মিলেমিশেই রাশিয়ার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়ার পক্ষপাতি।
সূক্রগুলো জানিয়েছে, ওবামা নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে শুক্রবারই ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এবং ইতালির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সঙ্গে টেলিকনফারেন্স করার উদ্যোগ নিয়েছেন।
বর্তমানে ৪ টি দেশ সফরে এশিয়ায় আছেন ওবামা। বৃহস্পতিবার টোকিওয়ও এক বক্তব্যে তিনি জেনেভা চুক্তি না মানার জন্য রাশিয়াকে দোষারোপ করেন।
