রাশিয়া ইউক্রেইনকে ‘অস্থিতিশীল’ করছে: যুক্তরাষ্ট্র
রাশিয়ার বিরুদ্ধে পূর্ব ইউক্রেইনকে অস্থিতিশীল করার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। মস্কো সঙ্কট নিরসনের উদ্যোগ না নিলে আরো নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
রাশিয়া এর আগে পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর কিয়েভ সরকারকে অভিযান বন্ধ করতে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়েছে।
রুশপন্থিদের ওপর হামলার পাল্টা জবাবে রাশিয়া ইউক্রেইন সীমান্তে নতুন করে সামরিক মহড়ারও নির্দেশ দেয়। এর নিন্দা জানায় ইউক্রেইন।
ইউক্রেইন সীমান্তে মস্কোর হাজার হাজার সেনা মোতায়েন রয়েছে। তারা সীমান্তের আরো কাছে ১ কিলোমিটারের মধ্যে চলে এসেছে বলে শুক্রবার ইন্টারফ্রাক্স বার্তা সংস্থাকে জানিয়েছেন ইউক্রেইনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইল কোভাল।
পূর্ব ইউক্রেইন সঙ্কট নিয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের বাগযুদ্ধ বাড়তে থাকার মধ্যে এ খবর এল।
কিয়েভ কর্তৃপক্ষ এ সঙ্কট নিরসনের চেষ্টায় ১৭ এপ্রিলে জেনেভায় হওয়া চুক্তিকে সম্মান দেখিয়েছে বলে প্রশংসা করেছেন জন কেরি। কিন্তু রাশিয়া এ চুক্তির তোয়াক্কা না করে ছলচাতুরীর আশ্রয় নিয়েছে এবং পূর্ব ইউক্রেইনকে অস্থিতিশীল করছে বলে তিনি অভিযোগ করেন।
জেনেভা চুক্তির শর্তানুযায়ী, রাশিয়া বিচ্ছিন্নতাবাদীদেরকে সরকার ভবনগুলো ছেড়ে দেয়া এবং অস্ত্র সমর্পণ করার আহ্বান জানায়নি বলেও কেরি অভিযোগ করেন।
তিনি বলেন, পূর্ব ইউক্রেইনকে অস্থিতিশীল করতে রাশিয়া সক্রিয় ভূমিকা পালন করছে এ ব্যাপারে মার্কিন গোয়েন্দারা নিশ্চিত বলে জানান কেরি। তিনি বলেন, রাশিয়া এ পথ থেকে সরে না এলে যুক্তরাষ্ট্র মস্কোর ওপর আরো নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত।
কিন্তু এ হুমকির তোয়াক্কা না করে বরং ইউক্রেইনকে পাল্টা হুমকি দিয়ে শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ওপর অভিযান চালিয়ে ‘রক্তক্ষয়ের অপরাধের’ জন্য কিয়েভ সরকারকে ন্যায়বিচারের মুখোমুখি হতে হবে। ইউক্রেইন নিজ দেশের জনগণের বিরুদ্ধেই যুদ্ধ শুরু করেছে বলে মস্কোর আগের অভিযোগের পুনরাবৃত্তিও করেন তিনি।
ল্যাভরভের এ মন্তব্যের পর ইউক্রেইনের প্রধানমন্ত্রী আরসেনি ইয়াতসেনিয়ুক বলেছেন, রাশিয়া ইউক্রেইনকে ‘সামরিক ও রাজনৈতিকভাবে’ দখল করে নেয়া এবং ইউরোপে সংঘাত উস্কে দেয়ার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে চায়।
