২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার নেতারা হামাসের পক্ষ নিয়েছেন, অভিযোগ নেতানিয়াহুর

যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা গাজায় ইসরায়েলের বিস্তৃত অভিযানকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ এবং সেখানকার মানবিক পরিস্থিতিকে ‘অসহনীয়’ অভিহিত করেছিল। তার পাল্টায় এ তোপ ইসরায়েলি প্রধানমন্ত্রীর।

যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডার নেতারা হামাসের পক্ষ নিয়েছেন, অভিযোগ নেতানিয়াহুর
গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গ্রিসে ফিলিস্তিনের পক্ষে এক সমাবেশের প্ল্যাকার্ডে সেটাই উঠে এসেছে। ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2014, 09:05 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলিতে দুই ইসরায়েলি দূতাবাসকর্মী নিহত হওয়ার পর ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার নেতাদের বিরুদ্ধে তোপ দেগেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। 

তার অভিযোগ, যুক্তরাজ্য ও কানাডার প্রধানমন্ত্রী এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ‘মানবতার বিপক্ষে’ এবং হামাসের পক্ষে অবস্থান নিয়েছেন। 

“কার্যত তারা বলেছে, তারা হামাসকেই ক্ষমতায় দেখতে চায়,” শুক্রবার এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী এ কথা বলেছেন বলে জানিয়েছে বিবিসি। 

কিয়ের স্টারমার, ইমানুয়েল ম্যাক্রোঁ ও মার্ক কার্নি মূলত ‘গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী ও অপহরণকারীদের’ পক্ষ নিয়েছেন, ভাষ্য নেতানিয়াহুর।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটাল জুইশ মিউজিয়ামের বাইরে গুলিবিদ্ধ হয়ে মারা যান যুক্তরাষ্ট্রে ইসরায়েল দূতাবাসের কর্মী ৩০ বছর বয়সী ইয়ারেন লিশিনস্কি ও ২৬ বছর বয়সী সারা লিন মিলগ্রাম। 

এ ঘটনায় শিকাগো থেকে আসা ৩০ বছর বয়সী এলিয়াস রড্রিগেজকে গ্রেপ্তার করেছে মার্কিন পুলিশ। 

এ ঘটনার আগের দিনই যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা গাজায় ইসরায়েলের বিস্তৃত অভিযানকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ এবং সেখানকার মানবিক পরিস্থিতিকে ‘অসহনীয়’ অভিহিত করেছিল।

নেতানিয়াহু সেদিকে ইঙ্গিত করেই তিন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের বিরুদ্ধে এ তোপ দেগেছেন। 

তবে ডাউনিং স্ট্রিট স্টারমারের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ খারিজ করে ওয়াশিংটনে হামলার নিন্দা জানিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দেওয়া পোস্টকে দেখিয়ে দিয়েছে।

ওই পোস্টে স্টারমার বলেছেন, “এন্টিসেমেটিজম এমন এক বালাই, যা অবশ্যই দূর করতে হবে আমাদের।”

এক্সে দেওয়া পোস্টের সঙ্গে দেওয়া ভিডিওতে নেতানিয়াহুকে বলতে শোনা যায়, “হামাস ইসরায়েলকে ধ্বংস ও ইহুদিদের নির্মূল করতে চায়।”

যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলের কর্মকাণ্ডের যে সমালোচনা করেছে ফিলিস্তিনি সশস্ত্রগোষ্ঠীটি তাকে স্বাগত জানিয়েছে, বলেছেন তিনি। 

“ইসরায়েলের ঘনিষ্ঠ কয়েক মিত্র চাইছে ইসরায়েল পিছু হটুক এবং হামাসের গণহত্যাকারী সেনাবাহিনী টিকে যাক।

“আমি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ, প্রধানমন্ত্রী কার্নি ও প্রধানমন্ত্রী স্টারমারকে বলতে চাই, যখন গণহত্যাকারী, ধর্ষক, শিশু হত্যাকারী ও অপহরণকারীরা আপনাদের ধন্যবাদ জানায়, তখন আপনারা ন্যায়বিচারের বিপরীত পাশেই থাকেন।

“আপনারা মানবতার বিপরীতে অবস্থান করছেন, ইতিহাসের ভুল দিকে রয়েছেন,” বলেন নেতানিয়াহু। 

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করল যুক্তরাজ্য, রাষ্ট্রদূত তলব

গাজায় ত্রাণের অভাবে ৪৮ ঘণ্টায় মরতে পারে ১৪,০০০ শিশু: জাতিসংঘ

ইসরায়েলের হাইফা বন্দরে সমুদ্র অবরোধের ঘোষণা হুতিদের