২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাইজেরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ৭১

নাইজেরিয়ার রাজধানী আবুজার উপকণ্ঠে একটি জনাকীর্ণ বাস স্টেশনে বোমা বিস্ফোরণে অন্তত ৭১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১শ’ ২৪ জন।

রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2014, 06:22 PM

Updated : 01 Sep 2026, 12:47 PM

পুলিশের মুখপাত্র ফ্যাঞ্জ এম্বা রয়টার্সকে হতাহতের এ সংখ্যা জানিয়েছেন। সোমবার সকালে ব্যস্ত সময়ে বোমাটি বিস্ফোরিত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।গত দুই বছরের মধ্যে দেশটির রাজধানীর কাছে এ ধরনের আর কোনো হামলা হয়নি।মানুষের ছিন্নভিন্ন দেহ ও রক্ত বাস স্টেশনটি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং শত শত উৎসুক জনতা ঘটনাস্থলে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন।আবুজা থেকে ৮ কিলোমিটার দূরের ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শী মিমি ড্যানিয়েলস বলেন, “বাসে ওঠার জন্য অপেক্ষা করছিলাম আমি। এ সময় কানে তালা লাগানো একটি বিস্ফোরণের শব্দ শুনলাম, তারপর ধোঁয়া দেখতে পেলাম। আতঙ্কিত লোকজন চারদিকে ছোটাছুটি করছিল।”রয়টার্সের এক ফটোগ্রাফার স্টেশনটিতে ২০টি মৃতদেহ দেখেছেন। রয়টার্সের আরেকজন সাংবাদিক অপেক্ষারত অ্যাম্বুলেন্সে ১৫টি মৃতদেহ ওঠাতে দেখেছেন।আরেক প্রত্যক্ষদর্শী কিংসলে আজিমোবি বলেন, “বিস্ফোরণে দুটি যাত্রী ভরা বাস টুকরা হয়ে যায়। বাসের ভিতর অনেক লোককে মৃত পড়ে থাকতে দেখেছি আমি, অনেক আহত লোকও ছিল।”ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ বা সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি।তাৎক্ষণিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি কোনো গোষ্ঠি। তবে হামলার জন্য বিদ্রোহী ইসলামি জঙ্গি গোষ্ঠি বোকো হারামকে সন্দেহ করা হবে বলে ধারণা করা হচ্ছে। কারণ চলতি বছর দেশটির উত্তরর্পূবাঞ্চলে গোষ্ঠিটি ব্যাপক রক্তক্ষয়ী হামলার সংখ্যা বাড়িয়ে দিয়েছে।ওই এলাকায় গত বুধ ও বৃহস্পতিবার আলাদা দুটি হামলায় জঙ্গিরা ১শ’ ৩৫ জনকে হত্যা করেছে বলে শনিবার বিবিসি’কে জানিয়েছেন স্থানীয় সিনেটর আহমেদ জান্নাহ।