সিরিয়ায় আবারো বিষাক্ত গ্যাস ব্যবহার
সিরিয়ার গৃহযুদ্ধে নতুন করে বিষাক্ত গ্যাস ব্যবহার করার খবর পাওয়া গেছে যার জন্য সরকার ও বিদ্রোহীরা একে অপরকে দায়ী করেছে।
শুক্রবার হামা প্রদেশের কাফর জিতা শহরে গ্যাসের বিষক্রিয়ায় অন্তত দুইজন নিহত এবং বহু হতাহত হওয়ার খবর দিয়েছে বিবিসি।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিদ্রোহী নুসরা ফ্রন্ট কাফর জিতা শহরে ওই হামলা চালিয়েছে যাতে দুইজন নিহত ও বহু আহত হয়েছে।
তবে ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে বিদ্রোহীরা বলেছে, সরকারি বিমান থেকে ফেলা বোমার গ্যাসে শ্বাসকষ্ট ও বিষক্রিয়ার সৃষ্টি হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
তবে কোনো পক্ষের দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে বিবিসি জানায়।
সিরিয়ায় যুক্তরাজ্যভিক্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসও সরকারি বিমান থেকে ব্যারেল বোমা ও বিষাক্ত গ্যাস ছোঁড়ার কথা জানায়।
