শিশুর বিরুদ্ধে হত্যাপ্রচেষ্টা মামলা খারিজ
পাকিস্তানে হত্যা চেষ্টা মামলায় পরিবারের ১২ সদস্যের সঙ্গে নয় মাসের এক শিশুকেও আসামী করা হয়েছিল। দেশটির একটি আদালত নয় মাসের ওই শিশুর বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দিয়েছে।
একটি হত্যার পরিকল্পনা, পুলিশকে হুমকি এবং রাষ্ট্রীয় বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে নয় মাসের মুহাম্মদ মুসা খান লাহোর আদালতে দ্বিতীয় বারের মতো হাজিরা দিতে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে বিবিসি।কিন্তু বিচারক বলেছেন, মামলাটিকে আদালতে পাঠানোই উচিত হয়নি।মামলাটির তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আদেশ দেয়া হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন দেশটির পুলিশ প্রধান।লাহোর শহরে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিয়ে সৃষ্ট এক সংঘর্ষের সূত্র ধরে মামলাটি করা হয়েছিল। দুধের শিশু হওয়া সত্বেও আরো ৩০ জনের সঙ্গে মুসা খানের বিরুদ্ধেও হত্যা চেষ্টার অভিযোগ দায়ের হয়েছিল।পাকিস্তানের গণমাধ্যমগুলোতে প্রকাশিত ছবিতে প্রথমবার আদালতে উপস্থিত ৯ মাসের মুসা খানকে তার বাবার কোলে একটি দুধের বোতল ধরে থাকা অবস্থায় দেখা গেছে।মুসার বিরুদ্ধে অভিযোগ উঠিয়ে নেয়া হলেও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে তা বহাল রয়েছে।
