বিয়ে নিয়ে বিতর্কে মোদি, তথ্য গোপনের অভিযোগ
এতদিন নির্বাচনী হলফনামায় স্ত্রীর নাম না লিখে বিরোধীদের সমালোচনার শিকার হচ্ছিলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। এবার স্ত্রীর নাম লিখে তিনি বিতর্কে জড়িয়েছেন।
নিজের বৈবাহিক অবস্থা গোপন করে এর আগে আইনভঙ্গ করেছেন বলে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছে ক্ষমতাসীন কংগ্রেসের একটি প্রতিনিধি দল।
নির্বাচন কমিশনের নির্দেশে বৃহস্পতিবার গুজরাটের বডোদরায় মনোনয়ন পেশের সময় হলফনামায় প্রথম বার স্ত্রী হিসেবে যশোদাবেনের নাম লেখেন মোদি।
এরপরই বিষয়টি নিয়ে কংগ্রেস-বিজেপি-র মধ্যে শুরু হয়ে যায় বিতর্ক। কংগ্রেসের প্রশ্ন, এত দিন মোদি হলফনামায় স্ত্রীর নাম লেখেননি কেন? বিজেপি-র পাল্টা দাবি, এ পদক্ষেপ নিয়ে মোদি গোটা বিষয়টির নিষ্পত্তি করলেন।
এর আগে গুজরাট বিধানসভায় মনোনয়ন পেশের সময় মোদি কখনোই স্ত্রীর নাম লেখেননি। মোদির প্রায় সমবয়সী ও বর্তমানে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা যশোদাবেনকে ১৭ বছর বয়সে বিয়ে করেছিলেন মোদি।
৪৬ বছর মোদির সামাজিক, নৈতিক, আইনি অধিকার থেকে এতদিন স্ত্রীকে বঞ্চিত রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন মহিলা কংগ্রেসের সভাপতি শোভা ওঝা। দিল্লিতে দলের সদরদপ্তরে এ নেত্রীর প্রশ্ন, “যিনি নিজের স্ত্রীকেই উপযুক্ত মর্যাদা দিতে পারেন না, তিনি কী করে দেশের নারীদের মর্যাদা দেবেন?” স্ত্রীকে এতদিন যোগ্য সম্মান না দেয়ার নেপথ্য কারণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
বিজেপি পাল্টা জবাবে বলেছে, “কংগ্রেস মূল্যবৃদ্ধি, দুর্নীতি, অপশাসন নিয়ে কিছু বলতে পারছে না বলেই এখন মোদির ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক প্রচারে নেমেছে।” তবে বিজেপি’র এ দাবিও ধোপে টিকছে না।
কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী ও কংগ্রেস নেতা কপিল সিবাল বলেছেন, ভোটাররা প্রার্থীর গোপন রাখা বিষয়গুলোও জানতে চায়। আর মোদির মতো একজন প্রধানমন্ত্রী পদপ্রার্থীর ক্ষেত্রে স্বচ্ছতা আরো বেশি জরুরি।
মোদি এতদিন বৈবাহিক অবস্থা গোপন করে এবং ‘মিথ্যা হলফনামা’ দিয়ে আইনভঙ্গ করেছেন বলে নির্বাচন কমিশনের কাছে শুক্রবার অভিযোগও করেছে কপিল সিবালের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল। অভিযোগনামায় এ অপরাধে মোদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয়।
সিবাল বলেন, ....২০০২, ২০০৭ ও ২০১২ সালের নির্বাচনে দেয়া তথ্যে মোদি স্বামী/স্ত্রীর ঘরটি ফাঁকা রেখেছিলেন। এ ধরনের তথ্য গোপন করা ভারতীয় দণ্ডবিধির আওতায় দণ্ডণীয় অপরাধ বিবেচিত হওয়ায় তিনি এ বিষয়ে নির্বাচন কমিশনকে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন।
নরেন্দ্র মোদির বিয়ে নিয়ে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধী সমালোচনা করার কয়েক ঘণ্টার মধ্যেই এ আর্জি পেশ করা হয়।
জম্মু ও কাশ্মির অঞ্চলে নির্বাচনী প্রচারাভিযানে মোদির বিয়ে সংক্রান্ত নতুন তথ্য নিয়ে তাকে প্রশ্নবিদ্ধ করেন রাহুল।
তিনি বলেন, “তিনি (মোদি) যে এ পর্যন্ত কতো নির্বাচনে লড়েছেন তা আমাদের জানা নেই। তবে এই প্রথমবারের মতো জানা গেলো যে তিনি বিবাহিত। দিল্লিতে বিজেপি নেতারা নারীর সম্মানের পক্ষে অনেক বুলি আওড়ান।… কিন্তু হলফনামায় মোদির স্ত্রীর নাম থাকে গোপন।”
ওদিকে, হলফনামায় নরেন্দ্র মোদির বিয়ের বিষয়টি প্রকাশ হওয়ার পর তার ভাই সোমভাই দামোদার মোদি বলছেন, চার দশক আগে নিয়ম রক্ষার জন্য যশোদাবেনকে বিয়ে করেছিলেন তার ভাই । তবে দেশের সেবা করার জন্য কিছু দিনের মধ্যেই তিনি বৈবাহিক জীবন থেকে ফিরে আসেন।
