রাওয়ালপিন্ডির আদালত ভবনে গুলি, নিহত ২
পাকিস্তানের সেনা শহর রাওয়ালপিন্ডির জেলা আদালত ভবনে দুই বিবদমান গোষ্ঠীর গোলাগুলিতে একজন কারাবন্দি ও পথচারী নিহত হয়েছেন।
শুক্রবারের এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে দ্য ডন।
জানা গেছে, অস্ত্রধারীদের সঙ্গে পুলিশেরও গোলাগুলি হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোলাগুলির ঘটনায় আতঙ্কিত লোকজন আদালত ভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটে বেরিয়ে যায়।
পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আদালত এলাকা ঘিরে রেখেছে।
বিভিন্ন সূত্রের বরাতে ডন জানিয়েছে, আইনজীবী সরদার আমির ছিলেন অজ্ঞাত হামলাকারীদের মূল লক্ষ্য। ব্যক্তিগত বিরোধের জেরেই এটি ঘটানো হয়।
নিহত ও আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।
