২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান হাইজ্যাকের হুমকি: ১৫ মাসের কারাদণ্ড

বিমান হাইজ্যাকের হুমকি দেয়ার অভিযোগে এক ব্যক্তিকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে মুম্বাইয়ের একটি আদালত।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2014, 01:58 PM

Updated : 01 Sep 2026, 12:46 PM

পাকিস্তানি সন্ত্রাসী মোহাম্মদ আজমল কাসবের মুক্তির দাবিতে বিমানটি হাইজ্যাক করা হবে- এই মর্মে হুমকি দিয়ে ওই ব্যক্তি টেলিফোন করেছিলেন বলে এনডিটিভি জানিয়েছে।মুম্বাই পুলিশের অপরাধ শাখা জানিয়েছে, জেট এয়ারওয়েজের অফিসে বিকাশ যাদব (১৯) টেলিফোন করে হুমকি দেন, কাসবের মুক্তির দাবিতে তিনি ওই এয়ারওয়েজের ব্যাঙ্গালুরুগামী বিমানটি হাইজ্যাক করবেন।

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে স্টেশন, বিলাসবহুল হোটেল, একটি ইহুদি কেন্দ্রসহ শহরটির প্রধান প্রধান স্থাপনায় চালানো একটি সমন্বিত ধারাবাহিক হামলা চালানো হয়।

তিনদিন ধরে পরিচালিত এই হামলার কারণে ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধাবস্থা তৈরি হয়ে যায়। সব দ্বিপক্ষীয় আলোচনাও স্থগিত হয়ে যায়।ওই জঙ্গি হামলায় অন্তত ১৬৬ জন নিহত হন।২০১৩ সালের জানুয়ারিতে যাদবকে গুজরাটের বাপি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার কাছ থেকে পাঁচটি মোবাইলফোন সেট ও পাঁচটি সিমকার্ড উদ্ধার করে।তার বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী বেসামরিক বিমান পরিবহনের নিরাপত্তায় বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালতের বিচারক এসজি দিগে যাদবকে ১৫ মাসের কারাবাস ও ১ হাজার রূপি জরিমানা করেন।

মুম্বাই হামলায় অংশ নেয়া একমাত্র জীবিত আসামি পাকিস্তানি নাগরিক মোহাম্মদ আজমল আমির কাসাবের মৃত্যুদণ্ডের আদেশ ২০১২ সালের নভেম্বরে কার্যকর করে ভারত সরকার।

মুম্বাইয়ে হামলার এক ভিডিওতে কাসাবকে পিঠে ব্যাগ বেঁধে একে-৪৭ রাইফেল হাতে মুম্বাইয়ের প্রধান রেলস্টেশনে হাঁটতে দেখা যায়। হামলায় স্টেশনটিতে প্রায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হয়।