নিখোঁজ বিমান উদ্ধার হবে শিগগিরই
মালয়েশিয়া এয়ারলাইন্সের নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ খুব শিগগিরিই খুঁজে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন অনুসন্ধান টিমের প্রধান এয়ার চিফ মার্শাল অ্যাঙ্গাস হাউস্টোন।
অনেকগুলো সঙ্কেতের সূত্র ধরে ভারত মহাসাগরে একটি ছোট এলাকা শনাক্ত করেছে অনুসন্ধানকারীরা।সঠিক জায়গাতেই খোঁজ চলছে জানিয়ে হাউস্টোন বলেন, “বিমান কিংবা বিমানটির ধ্বংসাবশেষ এখন খুঁজে পাওয়া যাবে বলে আশা করছি। এটি খুঁজে পেতে আর খুব বেশি দেরী নেই”।অস্ট্রেলিয়ার অনুসন্ধানকারী জাহাজ এ পর্যন্ত দুইবার এমন সঙ্কেত শনাক্ত করেছে যা নিখোঁজ বিমানের ব্ল্যাক বক্সের বলেই মনে করা হচ্ছে।এর আগে হাজার হাজার বর্গকিলোমিটার এলাকায় তল্লাশি চালিয়েছে অনুসন্ধানকারী দলগুলো। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের আরো ১৩টি জাহাজ এবং ১৪ টি বিমান ভারত মহাসাগরে তল্লাশি চালাচ্ছে।গত কয়েকদিনে এ তল্লাশি এলাকা থেকে চারটি `পিং’ সঙ্কেত শনাক্ত করেছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর `টওড পিঙ্গার লোকেটর’ (টিপিএল)। মঙ্গলবার সম্ভাব্য ব্ল্যাকবক্স থেকে দু’বার সঙ্কেত পাওয়া যায়।এরপর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা দুটো পিং সঙ্কেত শনাক্ত করার কথা বলার পর বৃহস্পতিবার থেকে নতুন আশা নিয়ে নবদ্যোমে শুরু হয়েছে অনুসন্ধান কাজ।এবারের সঙ্কেত থেকে আরো সুনির্দিষ্টভাবে ব্ল্যাকবক্সটির সম্ভাব্য অবস্থান শনাক্ত করা যাবে বলেই মনে করছেন হাউস্টোন।ব্ল্যাকবক্সটি খুঁজে পাওয়া গেলে ককপিট ও বিমান চলাচল সংক্রান্ত ধারণকৃত তথ্য থেকে বিমানটির ঠিক কী হয়েছিল সেই উত্তরটি খুঁজে পাওয়া যাবে।৮ মার্চ মধ্যরাতে ২২৭ জন যাত্রী ও ১২ জন ক্রু নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে বোয়িং কোম্পানি নির্মিত মালয়েশীয় এয়ারলাইন্সের এমএইচ৩৭০ বিমানটি রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়।
মালয়েশীয় বিমান অনুসন্ধান: আশার পালে হাওয়া
