বিহারে ভোটের দিন মাওবাদী হামলায় ২ পুলিশ নিহত
বিহারে লোকসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরুর প্রাক্কালে মাওবাদীদের স্থলমাইন বিস্ফোরণে ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ।
বৃহস্পতিবার ভোর চারটায় রাজ্যের মুঙ্গের ও জামুই জেলার মাঝামাঝি একটি স্থানে হামলাটি চালানো হয় বলে জানিয়েছে এনডিটিভি।এদিন বিহারের যে ছয়টি আসনে ভোট হচ্ছে, জামুই তার অন্যতম।টহলরত সিআরপিএফ জওয়ানদের জিপ গাড়িটি ওই স্থান দিয়ে যাওয়ার সময় বিস্ফোরণের আঘাতে উড়ে যায়। ঘটনায় আহতদের মুঙ্গের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।নির্বাচন বর্জন করা মাওবাদীরা বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।চলতি সপ্তাহের প্রথম দিকে রাজ্যের গয়া জেলায় মাওবাদীদের পেতে রাখা ছয়টি স্থলমাইন উদ্ধার করা হয়। এর আগে একটি মাইন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে তিন জওয়ান নিহত হয়েছিল।সোমবার অপর এক হামলায় সিআরপিএফ’র আরো তিন জওয়ান নিহত হন।বৃহস্পতিবারের ভোটকে কেন্দ্র করে মাওবাদী অধ্যুষিত এলাকাগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। রাজ্য পুলিশ ছাড়াও এসব এলাকায় সিআরপিএফ’র অতিরিক্ত কোম্পানি মোতায়েন করা হয়েছে।
