বাড়ি ফিরলেন মার্কেজ
নোবেলজয়ী প্রখ্যাত কলাম্বিয়ান লেখক গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ চিকিৎসাগ্রহণ শেষে বাড়িতে ফিরে গেছেন।
৩১ মার্চ তাকে মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির একটি হাসপাতালে ভর্তি করা হয় বলে বিবিসি জানিয়েছে।
হাসপাতালের এক নারীমুখপাত্র বলেন, বয়সজনিত কারণে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়েন।
মুখপাত্র জ্যাকুলিন পিনেদা বলেন, “বয়সের কারণে তিনি অনেক দুর্বল। তবে এ সময় তিনি বাড়িতেই ভাল থাকবেন।”
মেক্সিকোর বিবিসি প্রতিনিধি মুন্দো আলবের্তো নাজার বলেন, মেক্সিকো সিটিরে বাড়িতেই এই লেখকের নিয়মিত চিকিৎসা চলবে।
তিনি আরো জানান, “নোবেলজয়ী এই লেখকের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে যে, তার উন্নতি হচ্ছে এবং স্বাস্থ্য স্থিতিশীল অবস্থায় রয়েছে।”
ফুসফুস ও মূত্রনালীতে সংক্রমণের কারণে ৮৭ বছর বয়সী এই প্রভাবশালী লেখককে ম্যাক্সিকো সিটির হাসপাতালে নেয়া হয়েছিল।
সাম্প্রতিক বছরগুলোতে জাদুবাস্তবতার ঘোর সৃষ্টিকারী এই কথাশিল্পীকে খুব কমই প্রকাশ্যে দেখা গেছে। মেক্সিকোয় বসবাসকারী এই লেখক বেশ কয়েকবছর ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন।
মার্কেজকে স্প্যানিশভাষার সর্বকালের অন্যতম সেরা লেখক হিসেবে বিবেচনা করা হয়। জাদুবাস্তবতার কৌশলে রচিত ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিটিউড’ (একশ বছরের নিঃসঙ্গতা) উপন্যাসের জন্য তিনি বিশ্বব্যাপী পরিচিত পান।
১৯৬৭ সালের এই উপন্যাসটি বিশ্বব্যাপী ৩ কোটিরও বেশি কপি বিক্রি হয়েছে।
৩০ বছর ধরে মেক্সিকোতে বসবাসকারী মার্কেজ যে হাসপাতালে চিকিৎসা নেন তার নাম দ্য ন্যাশনাল নিউট্রিশন ইন্সটিটিউট সালভাদর জুবিরান।
হাসপাতালে ভর্তি হওয়ার পর এক বিবৃতিতে ম্যাক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, “তিনি (মার্কেজ) চিকিৎসায় সাড়া দিচ্ছেন। অ্যান্টিবায়োটিকের কোর্স সম্পন্ন হওয়ার পর তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে কিনা সে বিষয়টি পর্যালোচনা করা হবে।”
দুই বছর আগে মার্কেজের ভাই জাইম গার্সিয়া মার্কেজ জানিয়েছিলেন, গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ ক্রমেই স্মৃতিশক্তি হারাচ্ছেন।
তখন জাইম বলেছিলেন, তার ৮৫ বছর (বর্তমানে ৮৭ বছর) বয়সী ভাই গ্যাবরিয়েল গার্সিয়া মার্কেজ খুব মামুলি বিষয় জানার জন্য তাকে বার বার ফোন করেন। এমন কি তার স্মৃতিশক্তিতে সমস্যা দেখা দিচ্ছে।
১৯৮২ সালে সাহিত্যে নোবেল পুরস্কারজয়ী মার্কেজের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে- এমন ধারণা বেশ অনেকদিন ধরেই চলছিল। তবে তার ভাইয়ের দাবির মধ্যদিয়ে মার্কেজের ব্যাপারে প্রথম পরিবারের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছিল।
