২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোট চলছে

বিশ্বের বৃহত্তম নির্বাচন হিসেবে খ্যাত ভারতীয় লোকসভা নির্বাচনের নয় পর্বের মধ্যে দ্বিতীয় পর্বের ভোট শুরু হয়েছে। উত্তরপূর্বাঞ্চলীয় চারটি রাজ্যের ছয়টি নির্বাচনী আসনে দ্বিতীয় পর্বের এ ভোট গ্রহণ করা হচ্ছে।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2014, 12:07 PM

Updated : 22 Aug 2022, 06:03 PM

বুধবারের এ পর্বে নাগাল্যান্ড ও মনিপুরের একটি আসনে এবং অরুণাচল ও মেঘালয়ের দুটি আসনে ভোট হবে বলে জানিয়েছে এনডিটিভি।

এই ছয়টি আসনের মোট ভোটার ১১ লাখ ৭৯ হাজার ৮৮১ জন।

এ পর্বে মিজোরামের একটি আসনসহ সাতটি আসনে ভোট গ্রহণ করার কথা ছিল। কিন্তু বিভিন্ন গোষ্ঠীর ডাকে মিজোরামজুড়ে হরতাল (বনধ্) চলার কারণে মিজোরাম আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে।

প্রতিবেশী রাজ্য ত্রিপুরা রাজ্যের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়ে থাকা ব্রু নৃগোষ্ঠীর ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মিজোরামের আন্দোলনকারীরা। স্থগিত এই আসনে ১১ এপ্রিল ভোট গ্রহণ করা হবে।

অরুণাচল প্রদেশে লোকসভা নির্বাচনের পাশপাশি রাজ্য বিধানসভার নির্বাচনও অনুষ্ঠিত হচ্ছে। বিধানসভার ৬০ আসনের মধ্যে ৪৯টিতে বুধবার ভোটগ্রহণ করা হচ্ছে। প্রথমে এ রাজ্যে বিধানসভা নির্বাচনের কথা না থাকলেও রাজ্য মুখ্যমন্ত্রীর দাবির মুখে লোকসভা ও বিধানসভার নির্বাচন একই দিন করার সিদ্ধান্ত নেয় ভারতীয় নির্বাচন কমিশন।

চারটি রাজ্যের সবগুলো ভোটকেন্দ্রে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিশ্বের বৃহত্তম এ নির্বাচনে ভারতীয় লোকসভার ৫৪৩টি আসনের জন্য নরেন্দ্রে মোদির (৬৩) নেতৃত্বাধীন বিজেপি’র সঙ্গে রাহুল গান্ধির (৪৩) নেতৃত্বাধীন কংগ্রেসের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

৭ এপ্রিল এই উত্তরপূর্বাঞ্চলীয় দুটি রাজ্যের ছয়টি আসনে ভোট গ্রহণের মধ্য দিয়ে এ মহাযজ্ঞ শুরু হয়। ৯ এপ্রিল বুধবার আরো ছয়টি আসনে ভোট গ্রহণের পর ১০, ১২, ১৭, ২৪, ৩০ এবং মে মাসের ৭ ও ১২ তারিখে পরবর্তী পর্বের ভোট অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও সিকিমে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হবে।