ইসলামাবাদে ফলের বাজারে বিস্ফোরণে নিহত ২১
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের মেট্রো শপিং সেন্টারের পেছনের একটি ফলের বাজারে এক বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো অন্তত ১শ’ ১৬ জন আহত হয়েছেন।
বুধবার সকালে শহরটির পিরবাধাই এলাকার ফলের বাজারে একটি হোটেলের কাছে বিস্ফোরণের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দ্য ডন।এ ঘটনায় নিহতের সংখ্যা ২৩ জন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।ঘটনাস্থলে পুলিশ ও উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে। ঘটনাস্থল ঘিরে রেখে একটি তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।বিস্ফোরণে পাঁচ কেজি বিস্ফোরকযুক্ত একটি রিমোট কন্ট্রোল বোমা ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সকালে খুচরা ফল বিক্রেতা ও সাধারণ ক্রেতারা ফল কেনার সময় বিস্ফোরণটি ঘটানো হয়।একটি ফলের বাক্সে বোমাটি পেতে রাখা হয়েছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।ঘটনাটিকে একটি সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে তারা।শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি।
