সিরিয়ায় অনাবৃষ্টি, দুর্ভিক্ষের আশঙ্কা
গৃহযুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় অনাবৃষ্টির মতো প্রাকৃতিক দূর্যোগ নতুন সমস্যা হিসেবে দেখা দিয়েছে, যা দেশটির খাদ্য নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)।
মঙ্গলবার ডব্লিউএফপি জানায়, অনাবৃষ্টির কারণে সিরিয়ার শস্যক্ষেত্র হিসেবে পরিচিত উত্তরাঞ্চলে গম উৎপাদন ১৭ লাখ থেকে ২০ লাখ মেট্রিক টন পর্যন্ত কমে যেতে পারে। ক্ষুধা ও খাদ্যের অভাবে পড়তে পারে লাখ লাখ মানুষ।
মধ্য মে-তে শস্য রোপনের সময়ে বৃষ্টি না হলে খাদ্য মূল্য দ্রুত বেড়ে যাবে এবং সিরিয়াকে ৫১ লাখ টনেরও বেশি গম আমদানি করতে হবে।
জেনেভায় ডব্লিউএফপির মুখপাত্র এলিজাবেথ বিয়ার্স বলেন, “অনাবৃষ্টি লাখ লাখ মানুষেল জীবন হুমকিতে ফেলবে। আলেপ্পো, ইদলিব ও হামা অঞ্চল সবচেয়ে বেশি খরা।”
বর্তমানে ৪২ লাখ সিরীয়র জন্য জরুরি খাদ্য সাহায্যের প্রয়োজন হলেও তা বেড়ে ৬৫ লাখে দাড়াবে বলে হুঁশিয়ার করেন ডব্লিউএফপির কর্মকর্তারা।
