আর কোন সংকেত পায়নি অনুসন্ধানকারীরা
নিখোঁজ মালয়েশীয় বিমানের ব্ল্যাকবক্স থেকে সম্ভাব্য নিঃসরিত সঙ্কেত শনাক্তকারী অস্ট্রেলীয় জাহাজ পরবর্তীতে আর কোনো সঙ্কেত শনাক্ত করতে পারেনি। তাতে ব্যাপক এই তল্লাশি অভিযানের আওতা সীমিত করে আনার সম্ভাবনাও শেষ হয়ে যাচ্ছে।
মঙ্গলবার এসব কথা জানিয়েছেন তল্লাশি অভিযানের সঙ্গে জড়িত কর্মকর্তারা।তল্লাশি অভিযানের সমন্বয়কারী অস্ট্রেলীয় কর্তৃপক্ষের প্রধান অবসরপ্রাপ্ত এয়ার চিফ মার্শাল আঙ্গুস হিউস্টন বলেছেন, ভারত মহাসাগরে মাসব্যাপী চলা তল্লাশি অভিযান এখন একটি সন্ধিক্ষণে এসে পৌঁছেছে।এর কারণ হিসেবে তিনি বিমানের ব্ল্যাকবক্সে স্থাপন করা অবস্থান জানান দেয়া যন্ত্রের (লোকেটর বেকন) ব্যাটারির চার্জ ফুরিয়ে যাওয়ার কথা বলেছেন।ওই যন্ত্রের ব্যাটারির চার্জ ৩০ দিন স্থায়ী হয়। ৮ মার্চ মালয়েশীয় ফ্লাইট এমএইচ৩৭০’র বোয়িং বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ৭ এপ্রিল, সোমবার সেই ৩০ দিন পার হয়ে গেছে। এর মধ্যে ব্যাটারির চার্জ ফুরিয়ে গেলে এর থেকে আর কোনো সঙ্কেত নিঃসরিত হবে না।সেক্ষেত্রে সাগরে তলের অজ্ঞাত স্থানে পড়ে থাকা ব্ল্যাকবক্সের হদিস বের করা খড়ের গাদায় সূঁচ খোঁজার মতো বিষয় হয়ে যাবে।রোববার অস্ট্রেলীয় অনুসন্ধানকারী জাহাজ ওশেন শিল্ড দুবার ওই সম্ভাব্য সঙ্কেত শনাক্ত করেছিল। প্র্রথমবার দুই ঘন্টারও বেশি সময় ধরে ও পরে প্রায় ১৩ মিনিট ধরে শব্দ সঙ্কেতটি শনাক্ত করেছিল জাহাজটি।হিউস্টন বলেছেন, সঙ্কেতটি ব্ল্যাকবক্স থেকে আসছিল বলেই ধারণা করা হচ্ছিল এবং মাসব্যাপী অনুসন্ধানের এটি ছিল সবচেয়ে আশাজাগানিয়া মুহূর্ত, কিন্তু এরপর থেকে ওই সঙ্কেত আর শনাক্ত করা যায়নি।তিনি বলেন, “আমরা যদি আর কোনো সঙ্কেত না পাই, তাহলে মহাসাগরের একটি বিশাল তলদেশ আমাদের সামনে পড়ে থাকবে, আর তখন অনুসন্ধানের কাজটিতে অনেক অনেক বেশি সময় লাগবে। তা হবে খুব ধীর গতির আর খুব কষ্টসাধ্য কাজ।”৮ মার্চ মধ্যরাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়শীয় এয়ারলাইন্সের ফ্লাইটএমএইচ৩৭০ রহস্যময়ভাবে নিখোঁজ হয়ে যায়। এ সময় বিমানটিতে ২৩৯ জন যাত্রী ছিল।বিমানটির খোঁজে মাসব্যাপী বিশ্বের সবেচেয়ে বড় আন্তর্জাতিক তল্লাশি অভিযান চালানো হলেও এখনও পর্যন্ত বিমানের ধ্বংসাবশেষ বা সংশ্লিষ্ট কোনো কিছুর সন্ধান পাওয়া যায়নি। হতভাগ্য বিমান আরোহীদের সবার মৃত্যু হয়েছে বলেই ধরে নেয়া হয়েছে।
